প্রিন্ট এর তারিখ : ১২ নভেম্বর ২০২৬ ।। প্রকাশের তারিখ : ১২ নভেম্বর ২০২৬

সাতক্ষীরায় জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, সদস্যদের সমস্যা সমাধানে পুলিশ সুপারের আশ্বাস

সাতক্ষীরায় জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, সদস্যদের সমস্যা সমাধানে পুলিশ সুপারের আশ্বাস
শেখ আমিনুর হোসেন, , বিশেষ সংবাদদাতা
সাতক্ষীরা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর ২০২৬) সকালে সাতক্ষীরা পুলিশ লাইন্সের ড্রিলশেডে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম। সভায় পুলিশ সদস্যদের বিভিন্ন সমস্যা, সুযোগ-সুবিধা, পেশাগত দায়িত্ব ও কল্যাণমূলক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভায় শুরুতে সহকারী পুলিশ সুপার (দেবহাটা সার্কেল) মোঃ বায়েজীদ ইসলাম বিগত মাসের কল্যাণ সভায় গৃহীত সিদ্ধান্তগুলোর বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা করেন। একই সঙ্গে চলতি মাসে বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যদের পক্ষ থেকে উত্থাপিত আবেদন ও সমস্যাগুলো সভায় উপস্থাপন করেন।
এ সময় পুলিশ সুপার উপস্থিত পুলিশ সদস্যদের বিভিন্ন সমস্যার কথা গুরুত্বসহকারে শোনেন। উত্থাপিত সমস্যাগুলোর অধিকাংশ তাৎক্ষণিকভাবে সমাধান করেন এবং অবশিষ্ট সমস্যাগুলো দ্রুত সমাধানের আশ্বাস দেন। পাশাপাশি পুলিশ সদস্যদের পেশাগত দক্ষতা, শৃঙ্খলা ও দায়িত্বশীলতা বৃদ্ধিতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
পুলিশ সুপার তাঁর বক্তব্যে বলেন, প্রত্যেক পুলিশ সদস্যকে সার্ভিসরুলস যথাযথভাবে অনুসরণ করে সর্বোচ্চ পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। দায়িত্ব পালনের পাশাপাশি নিজেদের স্বাস্থ্য সচেতনতা, ব্যক্তিগত পরিচ্ছন্নতা এবং আবাসস্থলের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার প্রতিও গুরুত্ব দিতে হবে।
তিনি পুলিশ লাইন্সের মেসে মানসম্মত খাবার পরিবেশন, ড্রেসরুলস অনুযায়ী পোশাক পরিধান, ছুটি ব্যবস্থাপনা, বিদ্যুতের সঠিক ব্যবহার এবং জনসাধারণের সঙ্গে সৌজন্যমূলক ও মানবিক আচরণ নিশ্চিত করার বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেন।
সভায় নির্দিষ্ট ক্যাটাগরিতে কৃতিত্বপূর্ণ অবদান ও দায়িত্ব পালনে বিশেষ সাফল্যের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যদের হাতে নগদ অর্থ ও সম্মাননা ক্রেস্ট তুলে দেন পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম। এ উদ্যোগ পুলিশ সদস্যদের পেশাগত উৎসাহ, কর্মস্পৃহা ও দায়িত্ববোধ বাড়াতে ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করেন।
সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মিথুন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ শাহীনুর চৌধুরী, সহকারী পুলিশ সুপার (তালা সার্কেল) মোঃ আখতারুজ্জামান, সাতক্ষীরা পুলিশ হাসপাতালের চিকিৎসক ডা. আবু হোসেন, জেলার সব থানার অফিসার ইনচার্জ, ডিআইও-১, টিআই (অ্যাডমিন), কোর্ট ইন্সপেক্টরসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যরা।
সভায় পুলিশ সদস্যদের কল্যাণ নিশ্চিত করার পাশাপাশি পেশাগত শৃঙ্খলা, জনবান্ধব পুলিশিং ও দায়িত্ব পালনে আরও গতিশীলতা আনতে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।