প্রিন্ট এর তারিখ : ১২ নভেম্বর ২০২৬ ।। প্রকাশের তারিখ : ১২ নভেম্বর ২০২৬
আওয়ামী লীগের কথিত নৈরাজ্যের প্রতিবাদে সাতক্ষীরায় ছাত্রশিবিরের মিছিল

শেখ আমিনুর হোসেন, , বিশেষ সংবাদদাতা
সারা দেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের কথিত নৈরাজ্য ও দুর্বৃত্তপনার প্রতিবাদ এবং এসব কর্মকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাতক্ষীরা শহর শাখা।
বৃহস্পতিবার (১২ নভেম্বর ২০২৬) সন্ধ্যায় ‘লিগ ধর, জেলে ভর’ স্লোগানে শহরের তুফান মোড় থেকে মিছিলটি শুরু হয়। পরে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নিউমার্কেট মোড় হয়ে খুলনার মোড়ের আসিফ চত্বরে গিয়ে মিছিলটি শেষ হয়।
সাতক্ষীরা শহর শাখার সভাপতি ও কেন্দ্রীয় কার্যকরী পরিষদের অন্যতম সদস্য মেহেদী হাসানের নেতৃত্বে আয়োজিত মিছিলে সংগঠনটির সাবেক ও বর্তমান নেতাকর্মীরা অংশ নেন। এ সময় বিপুলসংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে বিভিন্ন স্লোগানে মুখর হয়ে ওঠে শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো।
মিছিল থেকে অংশগ্রহণকারীরা ‘লিগ ধর, জেলে ভর’ স্লোগান দিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে নৈরাজ্য ও দুর্বৃত্তপনার অভিযোগ তুলে প্রতিবাদ জানান। একই সঙ্গে এসব কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনা এবং যথাযথ বিচার নিশ্চিত করার দাবি জানান তারা।
আয়োজকদের ভাষ্য, দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের নেতাকর্মীদের কথিত নৈরাজ্য ও বিশৃঙ্খল কর্মকাণ্ডের বিরুদ্ধে জনমত গড়ে তোলা এবং অপরাধে জড়িতদের বিচারের দাবিতে এ কর্মসূচি পালন করা হয়েছে।
বিক্ষোভ মিছিলে ছাত্রশিবিরের সাতক্ষীরা শহর শাখার বিভিন্ন পর্যায়ের সাবেক ও বর্তমান নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।