প্রিন্ট এর তারিখ : ১৩ নভেম্বর ২০২৬ ।। প্রকাশের তারিখ : ১২ নভেম্বর ২০২৬

২০৩০ সালের মধ্যে পাইপলাইনে খুলনায় আসবে গ্যাস: জ্বালানি প্রতিমন্ত্রী

২০৩০ সালের মধ্যে পাইপলাইনে খুলনায় আসবে গ্যাস: জ্বালানি প্রতিমন্ত্রী
, খুলনা ডেস্ক

খুলনা অঞ্চলের শিল্প ও অর্থনৈতিক প্রসারে জ্বালানি সংকট কাটাতে বিশেষ উদ্যোগ নিয়েছে সরকার। এরই ধারাবাহিকতায় ২০৩০ সালের মধ্যে পাইপলাইনের মাধ্যমে ভোলা থেকে খুলনায় গ্যাস আনার লক্ষ্য নিয়ে কাজ চলছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। একই সঙ্গে এলএনজি টার্মিনাল স্থাপনের সম্ভাব্যতা যাচাই এবং দীর্ঘকাল ধরে বন্ধ বা অলস পড়ে থাকা বিদ্যুৎকেন্দ্রগুলো পুনরায় চালুর পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। নিজস্ব প্রতিবেদক, খুলনা ||।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে খুলনা বিশ্ববিদ্যালয়ে জিয়াউর রহমান ফাউন্ডেশন আয়োজিত বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক জাতীয় প্রতিযোগিতা ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে-২০২৬’-এর বিভাগীয় পর্বের প্রদর্শনী ও মূল্যায়ন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব তথ্য জানান। তিনি বলেন, একসময় খুলনার পাটকলগুলো বিশ্বব্যাপী পরিচিত ছিল, যা দেশের অর্থনীতিতে বড় ভূমিকা রেখেছিল। কিন্তু জ্বালানি ও নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের অভাবে প্রতিযোগিতায় টিকে থাকতে না পেরে অনেক শিল্পপ্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে। প্রতিযোগিতায় পুরস্কার পাওয়া প্রকল্পের পাশাপাশি যেসব উদ্ভাবন মানুষের জীবন বদলে দিতে সক্ষম, সেগুলোর বাস্তব প্রয়োগ নিশ্চিত করতে জিয়াউর রহমান ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতা অব্যাহত রাখার প্রত্যাশা করেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, মোংলায় বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ার পরিকল্পনা রয়েছে এবং যশোরের অভয়নগরেও বৃহৎ অর্থনৈতিক অঞ্চল গড়ে উঠছে। কিন্তু পর্যাপ্ত জ্বালানি সরবরাহ ছাড়া এসব শিল্প উদ্যোগ টেকসই হবে না। তাই ভোলা থেকে গ্যাস আনার পাশাপাশি এলএনজি টার্মিনাল স্থাপনের কাজ শুরু করা হয়েছে। তিনি এ ক্ষেত্রে ২০০৫ সালে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গ্যাস সংযোগ দেওয়ার দূরদর্শী ঘোষণার কথা স্মরণ করেন। ওই সময় ২০০৭ সালের মধ্যে খুলনা বিভাগে গ্যাস সংযোগ দেওয়ার পরিকল্পনা ছিল।

জ্বালানি সংকটের কারণে অলস পড়ে থাকা বিদ্যুৎকেন্দ্রগুলোর প্রসঙ্গ টেনে তিনি বলেন, রূপসার ৮৮০ মেগাওয়াট উৎপাদনক্ষমতাসহ খুলনায় প্রায় ১ হাজার ৪০০ মেগাওয়াট ক্ষমতার বিদ্যুৎকেন্দ্রগুলো চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ তালিকায় মোংলা, খালিশপুর, দৌলতপুর, ভৈরববাজার ও যশোরের অভয়নগরের কেন্দ্রগুলো অন্তর্ভুক্ত রয়েছে।

তরুণ শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্পের প্রশংসা করে প্রতিমন্ত্রী বলেন, লোনা পানি সহিষ্ণু ধান চাষ, বন্যার সতর্কবার্তা, বর্জ্য থেকে বায়োফুয়েল উৎপাদন, মৎস্য চাষ ও পশুর রোগ শনাক্তকরণে শিক্ষার্থীদের এসব উদ্যোগ বাস্তব সমস্যা সমাধানে কার্যকর। তিনি জানান, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বর্জ্য থেকে বায়োফুয়েল তৈরির পাইলট প্রকল্পে মন্ত্রণালয় অর্থায়ন করেছে। সফল হওয়ায় এখন তা বাণিজ্যিকভাবে সম্প্রসারণের জন্য খুলনা সিটি করপোরেশনের সঙ্গে কাজ করবে মন্ত্রণালয়।

শিক্ষার্থীদের সহায়তায় নতুন উদ্যোগ সম্পর্কে প্রতিমন্ত্রী জানান, মন্ত্রণালয়ের আওতাধীন কোম্পানিগুলোর সিএসআর খাতের কাঠামো ঢেলে সাজানো হচ্ছে, যাতে মেধাবীরা শিক্ষাবৃত্তি পেতে পারেন। এছাড়া বিদ্যুৎকেন্দ্রে ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ বাড়ানোর পরিকল্পনাও রয়েছে।

জিয়াউর রহমান ফাউন্ডেশনের কর্মকাণ্ডের প্রশংসা করে তিনি বলেন, বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যদের শিক্ষা ও চিকিৎসা সহায়তা এবং দুর্যোগকালীন ত্রাণ কাজে প্রতিষ্ঠানটি নিরলস কাজ করে যাচ্ছে। এ সময় তিনি খুলনা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় জিয়াউর রহমানের অবদান এবং এর বিকাশে বেগম খালেদা জিয়ার ভূমিকার কথাও কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন। অনুষ্ঠানে খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম এবং খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জুসহ অন্যান্য শিক্ষক ও কর্মকর্তারা।