প্রিন্ট এর তারিখ : ১৩ নভেম্বর ২০২৬ ।। প্রকাশের তারিখ : ১২ নভেম্বর ২০২৬

পেশাদার সাংবাদিক নিয়োগে অনলাইন পোর্টালের মান বাড়ানোর আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

পেশাদার সাংবাদিক নিয়োগে অনলাইন পোর্টালের মান বাড়ানোর আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর
, জাতীয় ডেস্ক

অনলাইন নিউজ পোর্টালের মান ও বিশ্বাসযোগ্যতা নিশ্চিত করতে দক্ষ ও পেশাদার সাংবাদিক নিয়োগের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে অনলাইন নিউজ পোর্টাল অ্যাসোসিয়েশন বাংলাদেশের (ওনাব) নির্বাহী কমিটির সদস্যদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, মানসম্মত সংবাদ ও তথ্যসমৃদ্ধ কনটেন্ট ছাড়া পাঠক অনলাইন পোর্টালের প্রতি দীর্ঘমেয়াদে আগ্রহী হবে না। এ সময় তিনি সংবাদমাধ্যমে নির্দিষ্ট মানদণ্ড বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি সন্ত্রাস, সাম্প্রদায়িকতা ও ফ্যাসিবাদের বিরুদ্ধে দায়িত্বশীল ভূমিকা পালনের পাশাপাশি গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠায় সাধারণ মানুষের আত্মত্যাগের বিষয়গুলো সংবাদে গুরুত্বসহকারে তুলে ধরার আহ্বান জানান তিনি।

সভায় ওনাবের সাধারণ সম্পাদক অনলাইন নিউজ পোর্টালের মালিকানা ও উত্তরাধিকার নিয়ে বিদ্যমান অনিশ্চয়তার বিষয়টি তুলে ধরেন। তিনি বলেন, বিপুল অর্থ বিনিয়োগের পর কোনো উদ্যোক্তার মৃত্যু হলে তার উত্তরাধিকারীরা কীভাবে প্রতিষ্ঠানের মালিকানা ও পরিচালনার দায়িত্ব গ্রহণ করবেন, সে বিষয়ে কোনো সুনির্দিষ্ট নীতিমালা নেই। এ কারণে মালিকানা ও উত্তরাধিকারসংক্রান্ত সুস্পষ্ট আইন বা নীতিমালা প্রণয়নের দাবি জানান তিনি।

প্রতিমন্ত্রী জানান, কনটেন্ট ক্রিয়েটরদের সঙ্গেও পর্যায়ক্রমে মতবিনিময় করা হবে। এছাড়া তথ্য ও সম্প্রচারমন্ত্রী, প্রতিমন্ত্রী এবং সংশ্লিষ্ট উপদেষ্টাকে নিয়ে আলোচনা করে প্রয়োজনীয় নীতিমালা প্রণয়নের উদ্যোগ নেওয়া হবে। নীতিমালা চূড়ান্ত করার আগে সব অংশীজনের সঙ্গে পরামর্শ করা হবে বলেও তিনি নিশ্চিত করেন।

উক্ত সভায় ওনাবের সহসভাপতি লতিফুল বারী হামিম, সাবেক সাধারণ সম্পাদক শাহীন চৌধুরী, সিনিয়র যুগ্ম সম্পাদক মো. আশরাফুল কবির এবং কার্যনির্বাহী সদস্য তৌহিদুর ইসলাম মিন্টু, সৈয়দ আরিফুজ্জামান ও ইউসুফ হাওলাদার উপস্থিত ছিলেন।