বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুরে মহাসড়ক অবরোধ, বন্ধ যান চলাচল

ন্যূনতম মজুরি দ্রুত কার্যকর ও বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে গাজীপুরের মৌচাক এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেছেন পোশাক কারখানার শ্রমিকরা। কর্মবিরতি পালন করে শুরুতে একটি কারখানার শ্রমিকরা এই আন্দোলন শুরু করলেও, পরে আশপাশের বিভিন্ন কারখানার শ্রমিকরা তাদের সঙ্গে যোগ দেন। সড়ক অবরোধের ফলে মহাসড়কের উভয় দিকে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে, যা সাধারণ যাত্রী ও সাধারণ মানুষের চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ, বিজিবি ও এসআরবি সদস্যদের মোতায়েন করা হয়েছে। কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানিয়েছেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দফায় দফায় শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলেও তারা আবারো অবস্থান নিচ্ছেন।
এদিকে উত্তেজনার আঁচ পড়েছে গাজীপুর মহানগরীর অন্যান্য অঞ্চলেও। কোনাবাড়ী ও জরুন এলাকায় অবস্থিত ইসলাম এবং স্ট্যান্ডার্ড গার্মেন্টসের শ্রমিকরা কর্মবিরতি পালন করছেন। পরিস্থিতি বিবেচনায় কোনাবাড়ীর এম এম নীট ওয়্যার লিমিটেড কারখানা কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য তাদের প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে।