ঢাকা-পাবনা রুটে দুই নতুন ট্রেনের টিকিট বিক্রি শুরু

ঢাকা ও পাবনার মধ্যে নতুন দুই আন্তঃনগর ট্রেন ‘পাবনা প্রভাতী এক্সপ্রেস’ এবং ‘পাবনা গোধূলি এক্সপ্রেস’ চলাচলের জন্য প্রস্তুত। বাংলাদেশ রেলওয়ের ঘোষণা অনুযায়ী, আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল আটটা থেকে এসব ট্রেনের টিকিট অনলাইনে পাওয়া যাচ্ছে। যাত্রী সাধারণ প্রথম দফায় ২০, ২১ ও ২২ নভেম্বরের ভ্রমণের টিকিট সংগ্রহ করতে পারছেন।
রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকী জানান, নির্ধারিত নিয়ম মেনে যাত্রার ১০ দিন আগে থেকে প্রতিটি যাত্রার টিকিট অনলাইনে পাওয়া যাবে। আজ সকাল ৮টা থেকে ২০ থেকে ২২ নভেম্বরের টিকিট বিক্রি শুরু হয়েছে। যাত্রীপ্রতি টিকিটের সাধারণ মূল্য ধরা হয়েছে ৪২৫ টাকা। এর সঙ্গে অনলাইন প্ল্যাটফর্ম ‘সহজ’-এর সার্ভিস চার্জ বাবদ ২০ টাকা যুক্ত হয়ে মোট ৪৪৫ টাকা পরিশোধ করতে হবে। রেলওয়ে সূত্রে জানা গেছে, পাবনা থেকে ঢাকার সাধারণ টিকিটের দাম রাখা হয়েছে ৪২৫ টাকা। এর আগে বুধবার (১১ নভেম্বর) রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকী এক বিজ্ঞপ্তিতে জানান, ১২ নভেম্বর সকাল ৮টা থেকে ২০, ২১ ও ২২ নভেম্বরের যাত্রার টিকিট বিক্রি করা হবে।
আগামী ১৯ নভেম্বর আনুষ্ঠানিকভাবে পাবনা-ঢাকা রুটে ট্রেন দুটির উদ্বোধন হবে। উদ্বোধনের দিন বিকেল সাড়ে ৪টায় পাবনা থেকে একটি বিশেষ ট্রেন ‘পাবনা উদ্বোধনী এক্সপ্রেস’ ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে। তবে এই বিশেষ যাত্রার টিকিট অনলাইনে পাওয়া যাবে না; এগুলো পাবনা ও ঈশ্বরদী রেলওয়ে স্টেশনের কাউন্টার থেকে কম্পিউটারাইজড পদ্ধতিতে সংগ্রহ করতে হবে। উদ্বোধনী এই ট্রেনটি পাবনা ও ঢাকার মাঝখানে শুধুমাত্র ঈশ্বরদী স্টেশনে যাত্রা বিরতি করবে।
পরদিন ২০ নভেম্বর থেকে ট্রেন দুটির নিয়মিত বাণিজ্যিক চলাচল শুরু হবে। সময়সূচি অনুযায়ী, ‘পাবনা প্রভাতী এক্সপ্রেস’ প্রতিদিন সকাল ৮টায় পাবনা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে। অন্যদিকে ঢাকা থেকে প্রতিদিন বিকেল ৩টা ২৫ মিনিটে ‘পাবনা গোধূলি এক্সপ্রেস’ পাবনার পথে রওনা হবে। নিয়মিত চলাচলের ক্ষেত্রে ট্রেন দুটি ঈশ্বরদী, চাটমোহর, বড়ালব্রিজ, উল্লাপাড়া, শহীদ এম মনসুর আলী, টাঙ্গাইল, জয়দেবপুর এবং ঢাকা বিমানবন্দর স্টেশনে যাত্রাবিরতি দেবে।