প্রিন্ট এর তারিখ : ১১ নভেম্বর ২০২৬ ।। প্রকাশের তারিখ : ১১ নভেম্বর ২০২৬

কালিগঞ্জের মৌতলায় ৮০৩ বস্তা সার জব্দ, মেম্বারকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা

কালিগঞ্জের মৌতলায় ৮০৩ বস্তা সার জব্দ, মেম্বারকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা
দেশ টাইমস- , অপরাধ ডেস্ক

হাফিজুর রহমান শিমুল, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিবেদক:

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার মৌতলা ইউনিয়নে অবৈধভাবে মজুদ করা বিপুল পরিমাণ সার জব্দ করেছে উপজেলা প্রশাসন। এ ঘটনায় মোজাম্মেল হক মেম্বারকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জড়িত ব্যাক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।

ভ্রাম্যমাণ আদালত ও স্থানীয়দের সূত্রে জানাগেছে,
বুধবার (১১ নভেম্বর ২০২৬) সন্ধ্যায় মৌতলা ইউনিয়নের মোজাম্মেল মেম্বারের বাড়ির পাশে অবস্থিত একটি সারের গোডাউনে অভিযান পরিচালনা করেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানিয়া আক্তার।

 

এসময়ে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ওয়াসীম উদ্দিনসহ কৃষি বিভাগের উপ-সহকারী কৃষি কর্মকর্তা ও থানা পুলিশ সদস্যরা।

অভিযানে গোডাউন থেকে অবৈধভাবে মজুদ করা বিভিন্ন প্রকার সার জব্দ করা হয়। প্রাথমিক তথ্যমতে, ইউরিয়া, ডিএপি,‌ এমওপি ও অন্যান্য সারসহ মোট ৮০৩ বস্তা সার জব্দের কথা জানা গেছে।

অভিযান শেষে মোজাম্মেল মেম্বারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে তাঁর বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।