প্রিন্ট এর তারিখ : ১১ নভেম্বর ২০২৬ ।। প্রকাশের তারিখ : ১১ নভেম্বর ২০২৬

নরসিংদীতে আতশবাজি ফোটানোর সময় গ্যাস লাইনে বিস্ফোরণ

নরসিংদীতে আতশবাজি ফোটানোর সময় গ্যাস লাইনে বিস্ফোরণ
, জাতীয় ডেস্ক

নরসিংদীর মাধবদী পৌরসভার কাশিপুর এলাকায় মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এক ভয়াবহ গ্যাস বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে এক রিকশাচালক গুরুতর আহত হয়েছেন এবং স্থানীয়দের মাঝে তীব্র আতঙ্কের সৃষ্টি হয়েছে। বিস্ফোরণের পরপরই তিতাস গ্যাস কর্তৃপক্ষ পাইপলাইন থেকে গ্যাস সরবরাহ বন্ধ করে দেয়, যা পরদিন বেলা ১১টা পর্যন্ত অব্যাহত ছিল। ​মঙ্গলবার (১০ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার সময় মাধবদী পৌরসভার কাশিপুরেএই গ্যাস বিস্ফোরণের ঘটনা ঘটে।

ঘটনার সিসিটিভি ফুটেজে দেখা যায়, কয়েকজন কিশোর রাস্তায় আতশবাজি ফোটানোর সময় আগুন জ্বালায়। ​সিসিটিভি ফুটেজে বিস্ফোরণের চাঞ্চল্যকর দৃশ্য ধরা পড়েছে।

মুহূর্তের মধ্যে বিকট শব্দে সুয়্যারেজ লাইনের পিটকভারগুলো আকাশে উড়ে যায়। স্থানীয়দের অভিযোগ, সুয়্যারেজ লাইনের ভেতরে থাকা গ্যাসের সংস্পর্শে আতশবাজির আগুনের ফুলকি থেকেই এই বিস্ফোরণ হয়েছে। খেজুরতলা মোড় থেকে তিথি টেক্সটাইল পর্যন্ত বিস্তৃত এলাকায় সুয়্যারেজ লাইনের ভেতর দিয়ে চার ইঞ্চি ব্যাসের গ্যাস পাইপলাইন রয়েছে। বিস্ফোরণের তীব্রতায় রাস্তার পিটকভারগুলো উপড়ে চারপাশে ছড়িয়ে পড়ে।

এলাকাবাসী জানান, এর আগেও গত বছর পূজার সময় আতশবাজি ফোটানোর জেরে একই এলাকায় গ্যাসের পাইপলাইনে অনুরূপ বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। বারবার এমন ভয়াবহ দুর্ঘটনার পুনরাবৃত্তিতে স্থানীয় বাসিন্দারা চরম উদ্বেগ প্রকাশ করেছেন। বড় ধরনের প্রাণহানির আশঙ্কায় তারা গ্যাস লাইনের ত্রুটি দ্রুত পরীক্ষা করে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। বিস্ফোরণের প্রকৃত কারণ উদ্ঘাটন এবং গ্যাস লাইনের নিরাপত্তায় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তারা। ​এ ঘটনায় বড় ধরনের প্রাণহানি বা দুর্ঘটনার আশঙ্কা দেখা দিয়েছে।