সাতক্ষীরা জজ কোর্টের নতুন মেয়াদেও পিপি হলেন কালিগঞ্জের কৃতি সন্তান অ্যাডভোকেট শেখ আব্দুস সত্তার

হাফিজুর রহমান শিমুল, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিবেদক:
সাতক্ষীরা জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) হিসেবে নতুন মেয়াদে আবারও দায়িত্ব পেয়েছেন বিশিষ্ট আইনজীবী ও বিশিষ্ট রাজনীতিবিদ অ্যাডভোকেট শেখ আব্দুস সত্তার।
তাঁর এ দায়িত্ব অব্যাহত থাকায় কালিগঞ্জের আইনজীবী মহলসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে সন্তোষ ও প্রত্যাশা তৈরি হয়েছে। অ্যাডভোকেট শেখ আব্দুস সত্তার সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা চেয়ারম্যান সমিতির সাবেক সভাপতি, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও ধলবাড়িয়া ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত চেয়ারম্যান এবং একজন পরিচিত বিজ্ঞ আইনজীবী। দীর্ঘদিন ধরে তিনি আইন পেশার সঙ্গে সম্পৃক্ত থেকে পেশাগত দায়িত্ব পালন করে আসছেন। তিনি কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতির দায়িত্বও পালন করেছেন। আইন পেশার পাশাপাশি স্থানীয় সামাজিক ও রাজনৈতিক অঙ্গনেও তাঁর পরিচিতি রয়েছে। পেশাগত জীবনে সততা, নিষ্ঠা ও স্বচ্ছতাকে গুরুত্ব দেওয়ার বিষয়টি তাঁর সম্পর্কে আলোচনায় উঠে আসে। পিপি হিসেবে দায়িত্ব পালনকালে তাঁর কার্যালয়ে কোনো ধরনের আর্থিক লেনদেন না করার নির্দেশনা দিয়ে তিনি একটি দৃষ্টান্ত স্থাপনের উদ্যোগ নেন।২০২৫ সালের ৪ মার্চ তাঁর কার্যালয়ে এ বিষয়ে সতর্কতামূলক নোটিশও টাঙানো হয়। ঘুষ ও অনিয়মের বিরুদ্ধে তাঁর এমন অবস্থানকে ইতিবাচক দৃষ্টিতে দেখেন অনেকেই। একজন পাবলিক প্রসিকিউটরের (পিপি) অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব হলো রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করা, আদালতে আইনগত যুক্তি উপস্থাপন করা এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় সহযোগিতা করা। এ দায়িত্ব পালনে সততা, পেশাগত দক্ষতা, নিরপেক্ষতা ও জবাবদিহি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
অ্যাডভোকেট শেখ আব্দুস সত্তারের নতুন মেয়াদে দায়িত্ব পালনের মধ্য দিয়ে বিচারপ্রার্থীদের আইনি সেবা আরও সহজ, স্বচ্ছ ও হয়রানিমুক্ত হবে এমন প্রত্যাশা করছেন স্থানীয় সচেতন মহল। বিশেষ করে সাধারণ মানুষ যেন কোনো ধরনের হয়রানি কিংবা আর্থিক লেনদেনের চাপ ছাড়াই ন্যায়বিচার পাওয়ার সুযোগ পান, সে বিষয়ে তাঁর ভূমিকা গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। একজন আইনজীবীর প্রকৃত সাফল্য শুধু পদ-পদবিতে নয়, বরং তাঁর সততা, নৈতিকতা, পেশাগত দায়িত্ববোধ ও মানুষের আস্থার মধ্যে নিহিত। নতুন মেয়াদে অ্যাডভোকেট শেখ আব্দুস সত্তার তাঁর অভিজ্ঞতা ও দক্ষতাকে কাজে লাগিয়ে আইনের শাসন প্রতিষ্ঠা এবং ন্যায়বিচার নিশ্চিত করতে আরও কার্যকর ভূমিকা রাখবেন,এমন প্রত্যাশা কালিগঞ্জ বাসীর। সততা, নিষ্ঠা ও স্বচ্ছতার মাধ্যমে বিচারপ্রার্থীদের আস্থা অর্জন এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় অবদান রাখাই হোক তাঁর আগামী দিনের পথচলার মূল অঙ্গীকার।