বিমানের অনিয়ম ও আর্থিক ক্ষতি অনুসন্ধানে সংসদীয় কমিটির কড়া নির্দেশ

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে পুরোনো উড়োজাহাজ কেনা, রাজস্ব ফাঁকি, লোকসানি রুট পরিচালনা ও আর্থিক অনিয়মের অভিযোগগুলো কঠোরভাবে খতিয়ে দেখছে জাতীয় সংসদের সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত কমিটি। এসব ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার পাশাপাশি বিমানের ১১১টি অডিট আপত্তিতে আটকে থাকা প্রায় ৭৫৩ কোটি ৫০ লাখ টাকা উদ্ধারের জোরালো নির্দেশনা দেওয়া হয়েছে। মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে কমিটির ষষ্ঠ বৈঠকের অগ্রগতি পর্যালোচনা সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। কমিটির সভাপতি ও চিফ হুইপ নূরুল ইসলাম মনির সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় অডিট আপত্তি নিষ্পত্তিসহ বিমানের আর্থিক শৃঙ্খলা ফেরানোর ওপর জোর দেওয়া হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে কমিটির ৬ষ্ঠ বৈঠকের অগ্রগতি পর্যালোচনা সভায় এসব নির্দেশনা দেওয়া হয়।
বৈঠকের তথ্যমতে, ১৯৯৬ থেকে ২০২১ সাল পর্যন্ত বিমানের ১১১টি অডিট আপত্তি ঝুলে আছে।
এর মধ্যে অর্থ আদায়সংক্রান্ত ৪৫টি আপত্তির বিপরীতে বিমান কর্তৃপক্ষ আটটি আপত্তির ক্ষেত্রে অর্থ আদায়ের দাবি করলেও কোনো গ্রহণযোগ্য ব্যাংক স্টেটমেন্ট দাখিল করতে পারেনি। ফলে অডিট বিভাগ তা প্রত্যাখ্যান করেছে। এসব মামলা ও অনাদায়ী রাজস্ব উদ্ধারে সময়সীমাবদ্ধ কর্মপরিকল্পনা প্রণয়ন করে এক মাসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছে কমিটি। একই সঙ্গে প্যাসেঞ্জার সার্ভিস সিস্টেম সরবরাহকারী প্রতিষ্ঠান ‘স্যাবর’-এর সঙ্গে চুক্তির বিপরীতে কাজ পুরোপুরি বুঝে না পাওয়া সত্ত্বেও সম্পূর্ণ অর্থ পরিশোধের বিষয়টি সাত দিনের মধ্যে যৌথভাবে লিখিত আকারে জমা দিতে বলা হয়েছে। বৈঠকে ডিপার্চার কন্ট্রোল সিস্টেম ও র্যাপিড সফটওয়্যারের দুর্বলতার কারণে রাজস্ব ক্ষতির বিষয়টিও উঠে আসে।
ক্রয় নীতিমালার তোয়াক্কা না করে ১৫ বছরের পুরোনো দুটি ড্যাশ-৮ উড়োজাহাজ কেনা এবং পরবর্তীতে তা পরিচালনায় সরকারি অর্থের অপচয়ের বিষয়টি সভায় গুরুত্বের সঙ্গে আলোচিত হয়েছে। এই ক্রয় প্রক্রিয়ার সাথে সংশ্লিষ্ট তৎকালীন পরিচালনা পর্ষদ ও ক্রয় কমিটির সদস্যদের তালিকা আগামী ১৫ দিন থেকে এক মাসের মধ্যে কমিটিকে জমা দিতে হবে। এছাড়া সঠিক বাণিজ্যিক সম্ভাবনা যাচাই না করে পরিচালনা পর্ষদের সিদ্ধান্তে লোকসানি রুট পরিচালনা এবং এর আয়-ব্যয়ের বিস্তারিত নথি উপস্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে। বিমানের ক্রয় নীতিমালায় পুরোনো উড়োজাহাজ কেনার সুযোগ না থাকলেও লিজে নেওয়া ১৫ বছরের পুরোনো দুটি ড্যাশ-৮ উড়োজাহাজ লিজের মেয়াদ শেষে কিনে নেওয়ার বিষয়টি বৈঠকে গুরুত্ব পায়।
রাজস্ব ফাঁকির বিষয়ে অডিট প্রতিবেদনে উঠে এসেছে যে, ঢাকা-গুয়াংজু রুটে কোভিডকালীন চার্টার্ড কার্গো ফ্লাইটের ভাড়া কম দেখিয়ে অতিরিক্ত অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হয়নি। এ বিষয়ে অভ্যন্তরীণ তদন্ত প্রতিবেদন এক মাসের মধ্যে জমার নির্দেশ দিয়ে জড়িতদের বিরুদ্ধে প্রশাসনিক ও আইনি ব্যবস্থার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া আন্তর্জাতিক ফ্লাইটে ইকোনমি ক্লাস থেকে বিজনেস ক্লাসে উন্নীত করে আদায় করা অতিরিক্ত অর্থ বিমানের অ্যাকাউন্টিং সিস্টেমে না আসার ঘটনাটিও অডিটে ধরা পড়েছে। এটি রোধে মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয় থেকে শুরু হওয়া আইটি অডিটের জন্য জুলাই থেকে অক্টোবর পর্যন্ত তথ্য-উপাত্ত সরবরাহ করতে বলা হয়েছে কর্তৃপক্ষকে।
লিজ নেওয়া দুটি উড়োজাহাজের ব্যয়সংক্রান্ত নথিপত্র এবং বিলের তথ্য নিরীক্ষকদের কাছে উপস্থাপন করতে ব্যর্থ হওয়ায় আগামী ১৫ দিনের মধ্যে তা জমা দেওয়ার সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। বৈঠকে কমিটির সদস্য হিসেবে উপস্থিত ছিলেন হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, মো. আখতারুজ্জামান মিয়া, মোছা. তাহসিনা রুশদীর, খোন্দকার আবু আশফাক, মোহাম্মদ কয়ছর আহমেদ, বিশ্বাস জাহাঙ্গীর আলম, মোহাম্মদ নাজিবুর রহমান এবং মোহাম্মদ কামাল হোসেন। এছাড়া মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব ও বিমানের ব্যবস্থাপনা পরিচালকসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সামগ্রিকভাবে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে দুর্নীতিমুক্ত, প্রযুক্তিগতভাবে আধুনিক এবং লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তরের লক্ষ্যে সব অডিট আপত্তি দ্রুত নিষ্পত্তি ও জবাবদিহি নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়েছে।