লাহোর কালান্দার্সের হাই-পারফরম্যান্স উপদেষ্টা হলেন আমিনুল ইসলাম

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক সভাপতি আমিনুল ইসলাম এবার নতুন ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফ্র্যাঞ্চাইজি লাহোর কালান্দার্স তাদের হাই-পারফরম্যান্স সেন্টারের উপদেষ্টা হিসেবে আমিনুল ইসলামকে নিয়োগ দিয়েছে। এক আনুষ্ঠানিক বিবৃতিতে ফ্র্যাঞ্চাইজিটি এই বিষয়টি নিশ্চিত করেছে।
নতুন এই দায়িত্বের আওতায় আমিনুল লাহোর কালান্দার্সের হাই-পারফরম্যান্স সেন্টারের সার্বিক উন্নয়ন, খেলোয়াড়দের ব্যক্তিগত দক্ষতা বৃদ্ধি, কোচিংয়ের মানোন্নয়ন এবং উঠতি প্রতিভাবান ক্রিকেটারদের পেশাদার ক্যারিয়ার গড়ার পথে প্রয়োজনীয় পরামর্শ দেবেন। মূলত তৃণমূল পর্যায়ে ক্রিকেটের বিকাশ এবং বাংলাদেশে নিজেদের কর্মকাণ্ড প্রসারের লক্ষ্য নিয়ে লাহোর কালান্দার্স এই নিয়োগ দিয়েছে। ফ্র্যাঞ্চাইজিটি তাদের লক্ষ্য অর্জনে আমিনুলের দীর্ঘ অভিজ্ঞতা ও ক্রিকেট প্রশাসনিক দক্ষতার সহায়তা নিতে আগ্রহী।
ক্রিকেট সংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালনের বিশাল অভিজ্ঞতা রয়েছে আমিনুল ইসলামের। তিনি ২০১৫ থেকে ২০২৫ সাল পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) এশিয়া অঞ্চলের ক্রিকেট ডেভেলপমেন্ট ম্যানেজার হিসেবে সফলভাবে দায়িত্ব পালন করেছেন। এর আগে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) ক্রিকেট ডেভেলপমেন্ট অফিসার হিসেবেও তিনি কাজ করেছেন। পাশাপাশি বিসিবির শীর্ষ পদে সভাপতির দায়িত্ব পালনের অভিজ্ঞতাও তার ক্যারিয়ারের অন্যতম মাইলফলক। বুলবুল যেদিন জানিয়ে দিয়েছিলেন, ‘আমরাও পারি’।
খেলোয়াড়ি জীবনে আমিনুল ইসলাম ১৯৮৮ থেকে ২০০২ সাল পর্যন্ত বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন। ১৯৯৯ সালে বিশ্বকাপে বাংলাদেশ দলের নেতৃত্ব দিয়েছেন তিনি। বিশেষ করে ২০০০ সালে বাংলাদেশের ইতিহাসের প্রথম টেস্ট ম্যাচে সেঞ্চুরি হাঁকিয়ে তিনি নিজের নাম ক্রিকেট ইতিহাসে উজ্জ্বল করে রেখেছেন। অন্যদিকে, ২০১৬ সাল থেকে পিএসএলে অংশ নেওয়া লাহোর কালান্দার্স তরুণ প্রতিভা খুঁজে বের করা এবং তাদের পরিচর্যায় দারুণ খ্যাতি অর্জন করেছে। এখন পর্যন্ত দলটি মোট তিনবার পিএসএল শিরোপা জয়ের গৌরব অর্জন করেছে। ২০১৬ সাল থেকে পিএসএলে খেলছে লাহোর। বাংলাদেশের অভিষেক টেস্ট খেলা সেই ১১ জন এখন কে কোথায়।