প্রিন্ট এর তারিখ : ১১ নভেম্বর ২০২৬ ।। প্রকাশের তারিখ : ১০ নভেম্বর ২০২৬

নেত্রকোণায় হাওড় এক্সপ্রেস ট্রেনের বগিতে দুর্বৃত্তের আগুন

নেত্রকোণায় হাওড় এক্সপ্রেস ট্রেনের বগিতে দুর্বৃত্তের আগুন
, জাতীয় ডেস্ক

মঙ্গলবার (১০ নভেম্বর) ভোরে নেত্রকোণার মোহনগঞ্জ রেলওয়ে স্টেশনে পৌঁছানোর পর আন্তঃনগর হাওড় এক্সপ্রেস ট্রেনের একটি বগিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ট্রেনটির ‘ঢ’ নম্বর বগিতে দুর্বৃত্তরা আগুন দেয় বলে অভিযোগ পাওয়া গেছে। এতে ওই বগির ৪, ৫, ১০ ও ১১ নম্বর আসন পুড়ে গেছে। তবে বড় কোনো ক্ষয়ক্ষতি বা ট্রেন চলাচলে বিঘ্ন ঘটেনি।

স্টেশন সূত্র জানায়, সোমবার রাত সোয়া ১০টার দিকে ট্রেনটি রাজধানীর কমলাপুর স্টেশন ছেড়ে মোহনগঞ্জের উদ্দেশ্যে রওনা হয়। মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে ট্রেনটি গন্তব্যে পৌঁছায়। যাত্রীরা নেমে যাওয়ার পর রেলওয়ে কর্মীরা বগি থেকে ধোঁয়া বের হতে দেখেন। তাৎক্ষণিকভাবে স্থানীয় লোকজন ও স্টেশনে দায়িত্বরতদের সহায়তায় অগ্নিনির্বাপক যন্ত্র দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

মোহনগঞ্জ রেলওয়ে স্টেশনের স্টেশনমাস্টার জহিরুল ইসলাম জানান, ঘটনার সময় দায়িত্ব পালন করছিলেন এ এন এম নুরুল আমিন চৌধুরী। স্থানীয় মুসল্লিদের সহায়তায় আগুন দ্রুত নিভিয়ে ফেলা সম্ভব হয়, ফলে বড় ধরনের বিপর্যয় এড়ানো গেছে। ট্রেন চলাচলও স্বাভাবিক ছিল।

মোহনগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মোবারক হোসেন জানিয়েছেন, এই ঘটনার সঙ্গে কারা জড়িত তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। জড়িতদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।