প্রিন্ট এর তারিখ : ৯ নভেম্বর ২০২৬ ।। প্রকাশের তারিখ : ৯ নভেম্বর ২০২৬

সুন্দরবনে শিকারির ফাঁদে আটকে পড়া আহত চিত্রা হরিণ উদ্ধার শেষে অবমুক্ত

সুন্দরবনে শিকারির ফাঁদে আটকে পড়া আহত চিত্রা হরিণ উদ্ধার শেষে অবমুক্ত
দেশ টাইমস- , শ্যামনগর ডেস্ক
গাজী হাবিব, নিজস্ব প্রতিবেদক:
সুন্দরবনে শিকারিদের পেতে রাখা ফাঁদে আটকে পড়া একটি আহত চিত্রা হরিণ উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। পরে হরিণটিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বন বিভাগের সদস্যদের উপস্থিতিতে সুন্দরবনের সূর্যমুখী এলাকায় নিরাপদে অবমুক্ত করা হয়।

সোমবার (৯ নভেম্বর) দুপুর ১টার দিকে বাগেরহাটের মোংলা থানাধীন সুন্দরবনের পশুর নদীর সুন্দরতলা খালসংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড স্টেশন হারবারিয়া।

কোস্ট গার্ড সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় হরিণ শিকারের উদ্দেশ্যে শিকারিদের ফাঁদ পেতে রাখার খবর পায় কোস্ট গার্ড। এর পরিপ্রেক্ষিতে কোস্ট গার্ড স্টেশন হারবারিয়ার একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় শিকারিদের পাতা ফাঁদে আটকে থাকা জীবিত একটি চিত্রা হরিণ উদ্ধার করা হয়।

উদ্ধারের পর হরিণটিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে বেলা ৩টার দিকে নন্দবালা ফরেস্ট অফিসের বন বিভাগের সদস্যদের উপস্থিতিতে সুন্দরবনের সূর্যমুখী এলাকায় হরিণটিকে অবমুক্ত করা হয়।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন সোমবার রাতে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, সুন্দরবনের জীববৈচিত্র্য ও বন্যপ্রাণী সংরক্ষণ, অবৈধ শিকার প্রতিরোধ এবং বন্যপ্রাণীর নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ কোস্ট গার্ডের অভিযান অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।