প্রিন্ট এর তারিখ : ১০ নভেম্বর ২০২৬ ।। প্রকাশের তারিখ : ৯ নভেম্বর ২০২৬

সাতক্ষীরায় তারিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী পালিত, স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল

সাতক্ষীরায় তারিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী পালিত, স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল
শেখ আমিনুর হোসেন, , বিশেষ সংবাদদাতা
সাবেক মন্ত্রী ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির প্রয়াত সদস্য জননেতা তারিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) বিকালে সাতক্ষীরা শহরের তিতু কনফারেন্স সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ ইফতেখার আলী প্রয়াত তারিকুল ইসলামের রাজনৈতিক জীবন ও নেতৃত্বের গুণাবলি স্মরণ করে বলেন, তিনি ছিলেন স্বতন্ত্র ব্যক্তিত্বের অধিকারী। জীবনে কখনো কারও কাছ থেকে কিছু ধার করেননি। নিজস্ব যোগ্যতা, প্রজ্ঞা ও নেতৃত্বের গুণে তিনি আপন মহিমায় প্রতিষ্ঠিত হয়েছিলেন। তাঁর নেতৃত্ব ও সাংগঠনিক দক্ষতা খুলনাসহ বৃহত্তর অঞ্চলের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ তারিকুল হাসান।
পৌর বিএনপির সাবেক আহ্বায়ক মোহাম্মদ শের আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য ও উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুস সালাম, জেলা আইনজীবী ফোরামের আহ্বায়ক আকবর হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক অ্যাডভোকেট কামরুল ইসলাম ভুট্টো, জেলা বিএনপির সাবেক সহসভাপতি রফিকুল আলম বাবু, জেলা কৃষক দলের সাবেক আহ্বায়ক আহসানুল কাদির স্বপন, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এসএম মহসিন আলম এবং সদর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আতাউর রহমান।
এছাড়া বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অনুষ্ঠানে অংশ নেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন রাজু।
আলোচনা সভায় বক্তারা প্রয়াত তারিকুল ইসলামের রাজনৈতিক অবদান, নেতৃত্বের গুণাবলি ও সাংগঠনিক কর্মকাণ্ড স্মরণ করেন।
অনুষ্ঠানের শেষপর্বে হাফেজ আসাদুল ইসলামের পরিচালনায় প্রয়াত এই বিএনপি নেতার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।