টুঙ্গিপাড়ায় রবি ফসলের প্রণোদনা নিয়ে অনিশ্চয়তা, দুশ্চিন্তায় স্থানীয় কৃষকরা

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় চলতি রবি মৌসুমে সরকারি প্রণোদনার বীজ ও সার বিতরণ নিয়ে বড় ধরনের অনিশ্চয়তা দেখা দিয়েছে। মৌসুমের গুরুত্বপূর্ণ সময় পেরিয়ে গেলেও কৃষকদের হাতে এখনো সরকারি সহায়তা পৌঁছায়নি। কবে নাগাদ এই কৃষি উপকরণ বিতরণ করা হবে, সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য দিতে পারছে না উপজেলা কৃষি অফিস। এতে দিশেহারা হয়ে পড়েছেন স্থানীয় প্রান্তিক ও ক্ষুদ্র চাষিরা।
কৃষকদের পক্ষ থেকে দ্রুত সরকারি প্রণোদনার বীজ ও সার বরাদ্দ এবং বিতরণের দাবি জানানো হয়েছে। তারা বলছেন, সময়মতো এই সহায়তা না পেলে আর্থিক সংকটের কারণে অনেকের পক্ষেই রবি ফসল ও বোরো আবাদ করা সম্ভব হবে না। এর ফলে একদিকে যেমন উৎপাদন খরচ বাড়বে, অন্যদিকে এলাকার সামগ্রিক কৃষি উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।
উপজেলা কৃষি অফিসের তথ্যমতে, চলতি মৌসুমে টুঙ্গিপাড়ায় ৩৭৫ হেক্টর জমিতে রবি সরিষা আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সারাদেশের পরিকল্পনায় সাত ধরনের রবি ফসলের বীজ বিতরণের কথা থাকলেও গোপালগঞ্জের জন্য মূলত খেসারি ও মসুর ডালের বীজ পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে সোমবার (৯ নভেম্বর) পর্যন্ত প্রণোদনা বিতরণের কোনো মঞ্জুরি আদেশ না আসায় সরকারি সহায়তা প্রাপ্তি নিয়ে বড় ধরনের প্রশ্ন তৈরি হয়েছে।
গত বছরের পরিসংখ্যান বলছে, ২০২৪ সালের ২১ অক্টোবরের মধ্যেই কৃষকদের মাঝে খেসারি, মসুর, সরিষা, সয়াবিন, মুগ, চিনাবাদাম, পেঁয়াজ ও গমের বীজ বিতরণ করা হয়েছিল। এছাড়া গত মৌসুমে নভেম্বরের শুরুতেই ধানবীজ ও সার কৃষকদের হাতে তুলে দেওয়া হয়। কিন্তু এবার সেই চিত্র ভিন্ন হওয়ায় কৃষকরা উদ্বেগ প্রকাশ করছেন। টুঙ্গিপাড়ায় বোরো আবাদের জন্য প্রায় ৭ হাজার ৯২৫ হেক্টর জমি লক্ষ্যমাত্রা ধরা হয়েছে, যেখানে সরকারি প্রণোদনা একটি বড় নিয়ামক হিসেবে কাজ করে।
স্থানীয় কৃষক বাঁকা শেখ জানান, প্রতি বছর প্রদর্শনীর মাধ্যমে বীজ ও সার পেয়ে তিনি প্রায় পাঁচ বিঘা জমিতে চাষাবাদ করেন। সহায়তা পেলে স্বল্প খরচে ফসল ফলাইতে সুবিধা হয়, কিন্তু এবারের পরিস্থিতি তাকে অনিশ্চয়তায় ফেলেছে। গিমাডাঙ্গা গ্রামের আরেক কৃষক রুবেল শেখ জানান, বীজতলা তৈরির সময় ঘনিয়ে এলেও এখন পর্যন্ত কোনো প্রণোদনা পাননি। বাজার থেকে চড়া দামে সার ও বীজ কিনে চাষ করার আর্থিক সক্ষমতা নেই তার।
একইভাবে গোপালপুর এলাকার কৃষক অনিমেষ জানান, বিল অঞ্চলের মানুষ পুরোপুরি কৃষির ওপর নির্ভরশীল। কিন্তু প্রণোদনার অভাবে এবার জমি চাষাবাদ করা নিয়ে চরম দুশ্চিন্তায় পড়েছেন তিনি। এ বিষয়ে টুঙ্গিপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা প্রশান্ত হাওলাদার বলেন, চলতি মৌসুমে গোপালগঞ্জের জন্য খেসারি ও মসুরের বীজ পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এখন পর্যন্ত কোনো মঞ্জুরি আদেশ পাওয়া যায়নি। যে কারণে কবে নাগাদ বীজ ও সার বিতরণ শুরু করা যাবে, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।