১২ দাবিতে রাজপথে ব্যাটারিচালিত রিকশাচালকদের বিক্ষোভ ও অবরোধ

সোমবার (৯ নভেম্বর) দুপুরে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে জড়ো হন ব্যাটারিচালিত রিকশাচালকরা। তারা ১২ দফা দাবিতে বিক্ষোভ প্রদর্শন করেন এবং প্রেসক্লাব এলাকা থেকে পল্টন মোড় প্রদক্ষিণ করে পুনরায় প্রেস ক্লাবের সামনে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন।
বিক্ষোভে অংশ নেওয়া চালক আবদুল কাদের জানান, ব্যাটারিচালিত রিকশা তাদের জীবিকা নির্বাহের একমাত্র অবলম্বন। প্রস্তাবিত নীতিমালা ও বিভিন্ন বিধিনিষেধের কারণে তারা অনিশ্চয়তার মুখে পড়েছেন। তিনি বলেন, অনেক চালক ঋণ ও স্বল্প পুঁজি বিনিয়োগ করে এই পেশায় এসেছেন, তাই নতুন নীতিমালা প্রণয়নের সময় চালকদের আর্থিক সামর্থ্য ও বাস্তব পরিস্থিতি বিবেচনায় রাখা প্রয়োজন। এ সময় তিনি রিকশা নিয়ন্ত্রণের নামে শ্রমিকদের ওপর চাঁদাবাজি, নির্যাতন ও হয়রানি বন্ধের দাবি জানান।
বিক্ষোভকারীদের প্রধান দাবির মধ্যে রয়েছে ব্যাটারিচালিত রিকশা চলাচল বিধিমালা-২০২৬-এর শ্রমিকস্বার্থবিরোধী ধারা সংশোধন ও সারা দেশের জন্য অভিন্ন নীতিমালা। তারা বিআরটিএ-কে ই-রিকশা সংক্রান্ত কর্তৃপক্ষ হিসেবে স্বীকৃতি দেওয়া, উন্নত নকশায় রিকশা আধুনিকায়ন এবং সহজ শর্তে লাইসেন্স ও যৌক্তিক রুট পারমিট প্রদানের দাবি জানান। এছাড়া চালকের বয়সসীমা ১৮ নির্ধারণ, নবায়ন ফি সর্বোচ্চ ১ হাজার টাকা করা এবং বিদ্যমান রিকশার কাঠামো পরিবর্তনের জন্য অন্তত দুই বছর সময় দেওয়ার দাবি জানানো হয়।
তাদের অন্য দাবিসমূহের মধ্যে রয়েছে শ্রমিকদের জন্য ‘জীবিকা সুরক্ষা আইন’ প্রণয়ন, শ্রমিক নেতাদের বিরুদ্ধে দায়েরকৃত হয়রানিমূলক মামলা প্রত্যাহার, বৈদ্যুতিক মিটারের বিচ্ছিন্ন সংযোগ পুনঃস্থাপন এবং রিকশাচালকদের গণপরিবহন ও শিল্প হিসেবে স্বীকৃতি দেওয়া। পাশাপাশি সরকারি ব্যাংক থেকে বিনাজামানতে ঋণ, শ্রমিকদের জন্য রেশন ব্যবস্থা চালু এবং রিকশার যন্ত্রাংশ ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য কমানোর দাবিও উত্থাপন করা হয়েছে। তারা রিকশা গ্যারেজগুলোতে নতুন শর্ত ছাড়াই ট্রেড লাইসেন্স দেওয়া এবং ব্যাটারিচালিত যানবাহনে বিনিয়োগ করা শ্রমিকদের পুঁজি সুরক্ষার আহ্বান জানান।
এদিকে উদ্ভূত পরিস্থিতিতে অনাকাঙ্ক্ষিত বিশৃঙ্খলা এড়াতে জাতীয় প্রেস ক্লাব এলাকায় কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রমনা বিভাগের উপকমিশনার শেখ জাহিদুল ইসলাম জানিয়েছেন, বিক্ষোভ ঘিরে কোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতির ওপর সতর্ক দৃষ্টি রাখা হচ্ছে।