প্রিন্ট এর তারিখ : ২২ নভেম্বর ২০২৬ ।। প্রকাশের তারিখ : ৯ নভেম্বর ২০২৬

মুক্তিপণ ও চাঁদাবাজির আতঙ্কে সুন্দরবনের জেলেরা, জলদস্যুমুক্ত বন চান উপকূলের মানুষ

মুক্তিপণ ও চাঁদাবাজির আতঙ্কে সুন্দরবনের জেলেরা, জলদস্যুমুক্ত বন চান উপকূলের মানুষ
শেখ আমিনুর হোসেন, , বিশেষ সংবাদদাতা
সুন্দরবনকে জলদস্যুমুক্ত করা, বনজীবীদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং অপহরণ, নির্যাতন, মুক্তিপণ আদায় ও চাঁদাবাজি বন্ধের দাবিতে সাতক্ষীরা রেঞ্জের সুন্দরবন উপকূলে নৌ-সমাবেশ ও বিক্ষোভ করেছেন জেলে, বাওয়ালি ও বনজীবীরা। প্রায় ২০০টি নৌকায় কয়েকশ বনজীবীর অংশগ্রহণে অনুষ্ঠিত এ ব্যতিক্রমী কর্মসূচি থেকে জলদস্যুদের বিরুদ্ধে বিশেষ যৌথ অভিযান পরিচালনা এবং বনজীবীদের নিরাপদে বনে প্রবেশের পরিবেশ নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপ কামনা করা হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) সকালে ধারাবাহিক জলদস্যুমুক্ত সুন্দরবন আন্দোলনের অংশ হিসেবে এ কর্মসূচি পালন করা হয়। সুন্দরবনের উপকূলীয় এলাকায় নৌকায় অবস্থান নিয়ে আন্দোলনকারীরা জলদস্যুদের দৌরাত্ম্য বন্ধ, অপহৃত বনজীবীদের উদ্ধার, মুক্তিপণ আদায় ও অবৈধ চাঁদাবাজি বন্ধের দাবিতে প্রতিবাদ জানান।
আন্দোলনকারীদের অভিযোগ, সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে জলদস্যুদের তৎপরতা ও চাঁদাবাজি নতুন করে উদ্বেগজনক পরিস্থিতি তৈরি করেছে। জীবিকার তাগিদে বৈধ অনুমতি নিয়ে বনে প্রবেশ করলেও জেলে ও বাওয়ালিদের বিভিন্ন জলদস্যু দলের কাছে বড় অঙ্কের টাকা দিতে হচ্ছে। কথিত অগ্রিম কার্ড বা টোকেনের নামে চাঁদা আদায় করা হচ্ছে। কোনো দলের সঙ্গে আর্থিক সমঝোতা না হলে অপহরণ, নির্যাতন ও মুক্তিপণ দাবির মতো ঘটনা ঘটছে বলে অভিযোগ তাঁদের।
এ অবস্থায় সুন্দরবননির্ভর বহু পরিবার চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছে। জীবিকার একমাত্র অবলম্বন বনে যেতে ভয় পাচ্ছেন অনেক জেলে ও বাওয়ালি। কেউ কেউ নিরাপত্তার অভাবে মাছ ও বনজ সম্পদ আহরণ বন্ধ রাখতে বাধ্য হচ্ছেন। এতে একদিকে তাঁদের আয়-রোজগার বন্ধ হচ্ছে, অন্যদিকে উপকূলীয় জনপদের অর্থনীতিতেও নেতিবাচক প্রভাব পড়ছে।
নৌ-সমাবেশে অংশ নেওয়া বনজীবীরা বলেন, প্রশাসনের পক্ষ থেকে জলদস্যুদের আত্মসমর্পণের আহ্বান জানানো হলেও মাঠপর্যায়ে পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হচ্ছে না। বরং বিভিন্ন এলাকায় অপহরণ ও তয়চাঁদাবাজির অভিযোগ অব্যাহত রয়েছে। নিয়মিত ও কার্যকর নৌ-টহলের অভাবে জলদস্যুরা সুযোগ পাচ্ছে বলেও তাঁদের অভিযোগ।
তাঁদের দাবি, শুধু আত্মসমর্পণের আহ্বান জানিয়ে সুন্দরবনকে নিরাপদ করা সম্ভব নয়। আধুনিক আগ্নেয়াস্ত্রে সজ্জিত জলদস্যুদের বিরুদ্ধে কোস্টগার্ড, নৌ-পুলিশ, র‍্যাব ও বন বিভাগের সমন্বয়ে বিশেষ অভিযান পরিচালনা করতে হবে। একই সঙ্গে বনজীবীদের নিরাপত্তায় নিয়মিত টহল, অপহৃতদের দ্রুত উদ্ধার এবং চাঁদাবাজির সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে হবে।
নৌ-সমাবেশে জাতীয়তাবাদী কৃষক দলের সাতক্ষীরা জেলা আহ্বায়ক ও আন্দোলনের সমন্বয়ক সালাহ উদ্দিন লিটন, শ্যামনগর উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, গাবুরার মাস্টার আব্দুর রহিম, আরাফাত হোসেন, মিসেস ফরিদা পারভীনসহ বিভিন্ন পর্যায়ের সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিপুলসংখ্যক বনজীবী অংশ নেন। তাঁরা সুন্দরবনকে জলদস্যুমুক্ত না করা পর্যন্ত ঐক্যবদ্ধ আন্দোলন চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
এর আগে গত ১ নভেম্বর শ্যামনগর প্রেসক্লাবের সামনে মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে ১২ দফা দাবিতে স্মারকলিপি দেন বনজীবীরা। ঘোষিত পাঁচ দিনের ধারাবাহিক প্রতিবাদ কর্মসূচির চতুর্থ দিনে আয়োজিত ওই কর্মসূচিতে জলদস্যুদের চিহ্নিত করে বিশেষ যৌথ অভিযান, আধুনিক আগ্নেয়াস্ত্র উদ্ধার, অপহৃতদের দ্রুত উদ্ধার, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল জোরদার এবং বৈধ পারমিটধারীদের বিনা চাঁদায় নিরাপদে বনে প্রবেশের সুযোগ নিশ্চিত করার দাবি জানানো হয়।
এদিকে আন্দোলনের মধ্যেই সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে নতুন করে জেলে অপহরণের অভিযোগ উঠেছে। গত ৮ নভেম্বর প্রকাশিত সংবাদ অনুযায়ী, নোটাবেকি, আগুনঝাড়া, জালধাকা, চালতেবেঁড়ে ও রায়মঙ্গল নদী এলাকা থেকে ১১ জন জেলেকে অপহরণ করেছে জলদস্যুরা। অপহৃত প্রত্যেকের মুক্তির জন্য এক লাখ টাকা করে দাবি করা হয়েছে বলে তাঁদের স্বজনদের বরাত দিয়ে সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। বন বিভাগের পক্ষ থেকে টহল অভিযান চালানোর কথা জানানো হলেও বিশাল বনাঞ্চলে এককভাবে অভিযান পরিচালনার সীমাবদ্ধতার কথা জানিয়েছেন সংশ্লিষ্ট বন কর্মকর্তা।
এর আগে গত ২৭ অক্টোবর শ্যামনগরের সুন্দরবন এলাকায় কোস্টগার্ডের অভিযানে জলদস্যুদের জিম্মিদশা থেকে পাঁচ জেলেকে জীবিত উদ্ধার করা হয়। এ সময় একটি আগ্নেয়াস্ত্র, গুলির খোসা ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছিল। পরপর এসব ঘটনায় সুন্দরবননির্ভর মানুষের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
বনজীবীদের মতে, সুন্দরবন শুধু তাঁদের জীবিকার উৎস নয়, এটি তাঁদের অস্তিত্বের সঙ্গে জড়িয়ে থাকা সম্পদ। এই বন রক্ষা এবং বনের ওপর নির্ভরশীল মানুষের জীবন-জীবিকা সচল রাখতে জলদস্যুতা ও চাঁদাবাজি বন্ধ করা জরুরি। তাঁদের প্রশ্ন, সরকারি অনুমতি নিয়ে বনে প্রবেশের পরও যদি জলদস্যুদের চাঁদা দিতে হয়, অপহরণ ও নির্যাতনের শিকার হতে হয়, তাহলে তাঁদের নিরাপত্তা নিশ্চিত করবে কে?
তাঁরা আরও মনে করেন, জলদস্যুদের অবাধ বিচরণ শুধু বনজীবীদের জীবনকেই ঝুঁকির মুখে ফেলছে না, সুন্দরবনের বাঘ, হরিণসহ বন্যপ্রাণী ও সামগ্রিক জীববৈচিত্র্য সংরক্ষণের ক্ষেত্রেও ঝুঁকি তৈরি করছে। তাই সুন্দরবন রক্ষায় বনজীবীদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।
নৌ-সমাবেশ থেকে প্রধানমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপ কামনা করে বনজীবীরা জলদস্যুদের বিরুদ্ধে বিশেষ অভিযান, নিয়মিত নৌ-টহল, অপহৃতদের দ্রুত উদ্ধার, মুক্তিপণ আদায় ও চাঁদাবাজির সঙ্গে জড়িতদের গ্রেপ্তার এবং বৈধ পারমিটধারীদের নির্বিঘ্নে বনে প্রবেশের নিশ্চয়তা দাবি করেন।
তাঁদের স্পষ্ট বক্তব্য, বনজীবীদের জানমালের নিরাপত্তা কোনো অনুগ্রহ নয়, এটি তাঁদের মৌলিক অধিকার। সুন্দরবনকে জলদস্যুমুক্ত করে নিরাপদ জীবিকা নির্বাহের পরিবেশ ফিরিয়ে না দেওয়া পর্যন্ত তাঁদের আন্দোলন অব্যাহত থাকবে।