শ্যামনগরে শিশু অধিকার সপ্তাহ উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, অংশ নিল ৪২ শিশু

সাতক্ষীরার শ্যামনগরে শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় ৪২ জন শিশু অংশ নিয়ে রং-তুলির মাধ্যমে তাদের কল্পনা, স্বপ্ন ও শিশু অধিকারবিষয়ক ভাবনা তুলে ধরে।
রবিবার (৮ নভেম্বর) বিকাল ৩টায় শ্যামনগরের নকিপুরা শিশু বিকাশ কেন্দ্রে এ প্রতিযোগিতার আয়োজন করে একশনএইড বাংলাদেশ, এলআরপি-৫৪, শ্যামনগর। ‘শিশুর ভবিষ্যৎ হোক সুরক্ষিত, শিশুর সুরক্ষা আর নয় অপেক্ষা’ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ কর্মসূচি বাস্তবায়িত হয় সংস্থাটির ‘সোশ্যাল অ্যাডাপটেশন থ্রো ডিজাস্টার রিস্ক ম্যানেজমেন্ট (ডিআরএম) অ্যান্ড হিউম্যানিটারিয়ান রেসপন্স লিড বাই উইমেন, ইয়াং পিপলস’ প্রকল্পের আওতায়।
প্রতিযোগিতা শেষে ফলাফল ঘোষণা করা হয়। এতে প্রথম স্থান অধিকার করে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী নিবেদিতা, দ্বিতীয় হয় একই শ্রেণির শিক্ষার্থী লাবিবা এবং তৃতীয় স্থান অর্জন করে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী তাসফিয়া জাহান মিতু।
প্রতিযোগিতায় বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন অবসরপ্রাপ্ত সেনাসদস্য মো. আব্দুল হাই, রেক্সনা আক্তার ও তাজকিন্নাহার।
অনুষ্ঠান পরিচালনা করেন একশনএইড বাংলাদেশ, এলআরপি-৫৪-এর কো-অর্ডিনেটর আব্দুল কায়ুম, স্পন্সরশিপ অফিসার সমীর বিশ্বাস এবং কমিউনিটি মোবিলাইজার কুমকুম মোস্তারি।
অনুষ্ঠানে বক্তারা বলেন, চিত্রাঙ্কন শিশুদের সৃজনশীলতা বিকাশের পাশাপাশি তাদের মনের কথা, স্বপ্ন, অনুভূতি ও অধিকারবিষয়ক চিন্তা প্রকাশের একটি কার্যকর মাধ্যম। শিশুদের জন্য নিরাপদ ও সুরক্ষিত ভবিষ্যৎ নিশ্চিত করতে শুধু পরিবার নয়, সমাজের প্রতিটি স্তরের মানুষকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। শিশুদের প্রতি সহিংসতা, অবহেলা ও অধিকারবঞ্চনার অবসানে সম্মিলিত উদ্যোগের কোনো বিকল্প নেই।
বক্তারা আরও বলেন, শিশুদের মতামত ও সৃজনশীলতাকে গুরুত্ব দিয়ে তাদের অধিকার সম্পর্কে সচেতন করে তুলতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
পরে প্রতিযোগিতায় বিজয়ী তিন শিশুর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।