প্রিন্ট এর তারিখ : ৯ নভেম্বর ২০২৬ ।। প্রকাশের তারিখ : ৮ নভেম্বর ২০২৬
আশাশুনিতে জাতীয় সমবায় দিবস পালিত, বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

শেখ আমিনুর হোসেন, , বিশেষ সংবাদদাতা
‘করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার আশাশুনিতে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৮ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসন, উপজেলা সমবায় কার্যালয় ও স্থানীয় সমবায়ীদের যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
দিবসটি উপলক্ষে সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা মডেল মসজিদের হলরুমে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলার বিভিন্ন ইউনিয়নের সমবায়ীদের অংশগ্রহণে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্যামানন্দ কুন্ডু। উপজেলা আইসিটি কর্মকর্তা আক্তার ফারুক বিল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা সমবায় কর্মকর্তা আশরাফ আলী।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য হাফেজ মুহাদ্দিস রবিউল বাশারের প্রতিনিধি, উপজেলা জামায়াতের আমীর ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী আবু মুছা তারিকুজ্জামান তুষার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব জাকির হোসেন বাবু, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলাম এবং আরডিও আবুল কালাম।
এ ছাড়া সমবায়ীদের মধ্যে বক্তব্য দেন আব্দুর রাজ্জাক, মিনতি সরকার, তারক চন্দ্র মণ্ডল, তাপসী রানী অধিকারী ও মনীন্দ্র নাথ মণ্ডল।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের আর্থসামাজিক উন্নয়ন, দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান সৃষ্টি এবং সাধারণ মানুষের অর্থনৈতিক সক্ষমতা বাড়াতে সমবায় আন্দোলনের গুরুত্ব অপরিসীম। পারস্পরিক সহযোগিতা, ঐক্য ও সম্মিলিত উদ্যোগের মাধ্যমে সমবায় সমিতিগুলোকে আরও কার্যকর ও জনকল্যাণমুখী করে গড়ে তুলতে হবে।
তাঁরা সমবায় কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহি ও সদস্যদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে সমবায়ের মূল চেতনাকে ধারণ করে একটি বৈষম্যহীন, স্বনির্ভর ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।