প্রিন্ট এর তারিখ : ৯ নভেম্বর ২০২৬ ।। প্রকাশের তারিখ : ৮ নভেম্বর ২০২৬

সাতক্ষীরায় সহকারী পুলিশ সুপার পদে পদোন্নতি পেলেন আব্দুল লতিফ, র‍্যাংক ব্যাজ পরালেন পুলিশ সুপার

সাতক্ষীরায় সহকারী পুলিশ সুপার পদে পদোন্নতি পেলেন আব্দুল লতিফ, র‍্যাংক ব্যাজ পরালেন পুলিশ সুপার
শেখ আমিনুর হোসেন, , বিশেষ সংবাদদাতা
সাতক্ষীরা জেলা পুলিশের পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোঃ আব্দুল লতিফ সহকারী পুলিশ সুপার পদে পদোন্নতি পেয়েছেন। পদোন্নতি উপলক্ষে তাঁকে আনুষ্ঠানিকভাবে র‍্যাংক ব্যাজ পরিয়ে দিয়েছেন সাতক্ষীরার পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম।
শনিবার (৭ নভেম্বর ২০২৬) সাতক্ষীরা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুল লতিফের কাঁধে নতুন পদমর্যাদার র‍্যাংক ব্যাজ পরিয়ে দেন পুলিশ সুপার।
এ সময় পুলিশ সুপার তাঁকে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানান। একই সঙ্গে নতুন পদমর্যাদায় অর্পিত দায়িত্ব ও কর্তব্য সততা, নিষ্ঠা, দক্ষতা এবং পেশাদারিত্বের সঙ্গে পালনের আহ্বান জানান। তিনি বলেন, পদোন্নতি কেবল পদমর্যাদা বৃদ্ধিই নয়, বরং দায়িত্ব ও জবাবদিহি আরও বেড়ে যাওয়ার বিষয়। নতুন কর্মপরিসরে পেশাগত দক্ষতা, শৃঙ্খলা ও জনসেবার মানসিকতা বজায় রেখে দায়িত্ব পালনের জন্য তিনি প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। পাশাপাশি তাঁর কর্মজীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মিথুন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ শাহীনুর চৌধুরী, সহকারী পুলিশ সুপার (দেবহাটা সার্কেল) মোঃ বায়েজীদ ইসলাম, সহকারী পুলিশ সুপার (তালা সার্কেল) মোঃ আখতারুজ্জামান এবং সাতক্ষীরা পুলিশ হাসপাতালের চিকিৎসক ডা. আবু হোসেন।
পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুল লতিফের এ অর্জন জেলা পুলিশের পেশাগত অগ্রযাত্রায় একটি উল্লেখযোগ্য সংযোজন। নতুন পদে তাঁর দক্ষতা, অভিজ্ঞতা ও দায়িত্বশীল ভূমিকা আইনশৃঙ্খলা রক্ষা এবং জননিরাপত্তা নিশ্চিতকরণে ইতিবাচক অবদান রাখবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।