প্রাথমিক শিক্ষায় ৪১ হাজার কোটির প্রকল্প, বদলি হবে অনলাইন ব্যবস্থায়

প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য নতুন শিক্ষাবর্ষ থেকে বিনামূল্যে বইয়ের পাশাপাশি স্কুল ড্রেস, জুতা, মোজা ও ব্যাগ প্রদানের বিশেষ পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। এই কার্যক্রমে শিক্ষার্থীপ্রতি বছরে সর্বোচ্চ ১ হাজার ৯৫০ টাকা ব্যয়ের প্রাক্কলন করা হয়েছে। এই বরাদ্দের মধ্যে স্কুল ড্রেস ও ব্যাগের জন্য ৬০০ টাকা করে, জুতায় ৭০০ টাকা এবং মোজার জন্য ৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ রোববার দুপুরে সচিবালয়ে বিষয়টি নিশ্চিত করেছেন। রোববার (৮ নভেম্বর) দুপুরে সচিবালয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এসব কথা বলেন। পোশাক ও অন্যান্য উপকরণের জন্য শিক্ষার্থীপ্রতি ১ হাজার ৯৫০ টাকা বরাদ্দের হিসাবটি এক বছরের।
এই সহায়তা কার্যক্রমটি পাঁচ বছর মেয়াদি ‘প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (পিইডিপি-৫)’ প্রকল্পের অংশ হিসেবে বাস্তবায়িত হবে। প্রকল্পটির মোট ব্যয় ধরা হয়েছে ৪১ হাজার ৯০ কোটি টাকা, যার মধ্যে সরকারি তহবিল থেকে ৩৩ হাজার ২০৩ কোটি এবং বৈদেশিক সহায়তা থেকে ৭ হাজার ৮৮৭ কোটি টাকা ব্যয় করা হবে। প্রতিমন্ত্রী জানান, প্রকল্পটির প্রারম্ভিক বাজেট ৪৭ হাজার কোটি টাকার বেশি থাকলেও, বিভিন্ন খাত পর্যালোচনার মাধ্যমে প্রায় ৬ হাজার কোটি টাকা সাশ্রয় করা হয়েছে। গত জুনে পিইডিপি-৪ শেষ হওয়ার পর জুলাই থেকে নতুন এই প্রকল্প শুরুর পরিকল্পনা ছিল। প্রকল্পের কিছু খাত বাদ দেওয়া এবং অন্য প্রকল্পের আওতায় নেওয়ায় ব্যয় কমেছে।
শিক্ষা ব্যবস্থার গুণগত মানোন্নয়নে শিক্ষক নিয়োগ, প্রশিক্ষণ, পদোন্নতি, মূল্যায়ন ও বদলি নিয়ে একটি আধুনিক নীতিমালা তৈরির কাজ চলছে। আগামী ১৭ নভেম্বর এই নীতিমালার তৃতীয় খসড়া মন্ত্রণালয়ে জমা দেওয়ার কথা রয়েছে। একই দিনে মাঠপর্যায়ের মনিটরিং কর্মকর্তাদের জন্য পৃথক নীতিমালার খসড়াও পেশ করা হবে। প্রতিমন্ত্রী জানান, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তিন হাজারের বেশি মাঠপর্যায়ের কর্মকর্তার কাজের জবাবদিহি নিশ্চিত করতে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। এরই মধ্যে গত দুই মাসে ১ হাজার ৭০০ জন মনিটরিং কর্মকর্তা এবং ১ হাজার ৫০০ জন প্রধান শিক্ষকের সাথে সরাসরি বৈঠক করে শিক্ষার সমস্যাগুলো চিহ্নিত করা হয়েছে। তাদের মতামত ও পরামর্শ শিক্ষা ব্যবস্থার উন্নয়নে কাজে লাগানো হচ্ছে।
প্রযুক্তিগত উৎকর্ষের অংশ হিসেবে স্মার্ট ক্লাশরুম তৈরি, বিদ্যালয়ে ওয়াইফাই সংযোগ, শিক্ষার্থীদের ইউনিক আইডি এবং ‘ওয়ান টিচার ওয়ান ট্যাব’ কার্যক্রমের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। ২০২৭ সালের মধ্যে শিক্ষক-ট্যাব কার্যক্রমে বড় ধরণের অগ্রগতি অর্জনের লক্ষ্য রয়েছে সরকারের, যা পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে।
শিক্ষক বদলির বিষয়ে প্রতিমন্ত্রী জানান, বর্তমানে জাতীয় পর্যায়ের বদলি কার্যক্রম সাময়িকভাবে বন্ধ থাকলেও উপজেলা ও জেলা পর্যায়ে নির্ধারিত কমিটির মাধ্যমে তা চলমান। তবে ভবিষ্যতে বদলি ব্যবস্থাকে অধিকতর স্বচ্ছ ও কার্যকর করতে অনলাইনভিত্তিক ও যৌক্তিক পদ্ধতি প্রবর্তনের পরিকল্পনা রয়েছে সরকারের। নতুন শিক্ষক নীতিমালায় এই অনলাইন বদলির বিষয়টি অন্তর্ভুক্ত করার কাজ চলছে।