প্রিন্ট এর তারিখ : ৮ নভেম্বর ২০২৬ ।। প্রকাশের তারিখ : ৮ নভেম্বর ২০২৬

সিনেটে জয়ের পর ডেমোক্র্যাট নেতা আল-সায়েদের ‘হাবিবি প্যাক’ চালু

সিনেটে জয়ের পর ডেমোক্র্যাট নেতা আল-সায়েদের ‘হাবিবি প্যাক’ চালু
, ঢাকা ডেস্ক

যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম মুসলিম সিনেটর হিসেবে নির্বাচিত হওয়ার কয়েক দিন পরই নতুন কৌশল নিয়ে মাঠে নেমেছেন ডেমোক্র্যাট নেতা আব্দুল আল-সায়েদ। ডেমোক্র্যাটিক রাজনীতিতে নিজের অবস্থান পোক্ত করতে তিনি ‘হাবিবি প্যাক’ নামের একটি রাজনৈতিক অ্যাকশন কমিটি চালু করেছেন। ফেডারেল ইলেকশন কমিশনের নথি অনুযায়ী, মূল নির্বাচনি প্রচারণার বাইরে দলীয় নেতাদের জন্য তহবিল সংগ্রহের লক্ষ্য নিয়ে মিশিগানের এই নেতা কমিটিটি প্রতিষ্ঠা করেছেন। স্থানীয় সময় শনিবার (৭ সেপ্টেম্বর) দ্য হিল-এর এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

আরবি শব্দ ‘হাবিবি’-র অর্থ ‘আমার প্রিয়’। নির্বাচনী প্রচারণার সময় আল-সায়েদের সমর্থকদের মাঝে এই শব্দটি বেশ জনপ্রিয় হয়ে ওঠে। নিজের বিজয় ভাষণে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে উদ্দেশ করে রসাত্মক সুরে তিনি বলেছিলেন, “জেডি, হাবিবি।” সেই সঙ্গে তিনি মনে করিয়ে দেন, মার্কিন সংবিধান অনুযায়ী আগামী জানুয়ারি মাসে ভ্যান্সকেই সিনেটর হিসেবে তার শপথবাক্য পাঠ করাতে হবে।

এবারের নির্বাচনে নিজের মুসলিম পরিচয়কে সামনে রেখেই প্রচারণা চালিয়েছেন আব্দুল আল-সায়েদ। তবে এর জেরে তাকে তীব্র আক্রমণের মুখে পড়তে হয়েছিল। ডোনাল্ড ট্রাম্প তাকে ‘জিহাদি’ বলে সম্বোধন করেছিলেন এবং রিপাবলিকান প্রার্থী মাইক রজাস কোনো প্রমাণ ছাড়াই তাকে উগ্রপন্থি গোষ্ঠীর সঙ্গে জড়ানোর চেষ্টা করেছিলেন। এসব বাধা ডিঙিয়ে মিশিগানের মতো গুরুত্বপূর্ণ ও হাড্ডাহাড্ডি লড়াইয়ের সুইং স্টেটে তিনি জয়লাভ করেন।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ২০২৮ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে মিশিগান অঙ্গরাজ্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সেই সমীকরণে আল-সায়েদের এই নতুন রাজনৈতিক উদ্যোগ বিশেষ প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন তারা।