প্রিন্ট এর তারিখ : ৮ নভেম্বর ২০২৬ ।। প্রকাশের তারিখ : ৭ নভেম্বর ২০২৬

সাতক্ষীরায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির বর্ণাঢ্য র‌্যালি

সাতক্ষীরায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির বর্ণাঢ্য র‌্যালি
শেখ আমিনুর হোসেন, , জ্যেষ্ঠ প্রতিবেদক
ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাতক্ষীরায় বর্ণাঢ্য র‌্যালি করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দিবসটি ঘিরে জেলা বিএনপির আয়োজনে অনুষ্ঠিত র‌্যালিতে দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
শনিবার (৭ নভেম্বর) সাতক্ষীরা জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত এ র‌্যালিতে নেতৃত্ব দেন সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব।
র‌্যালিতে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক এইচ এম রহমাতুল্লাহ পলাশ, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-২ (সদর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব মো. আব্দুর রউফ, জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলুসহ জেলা, উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ।
এছাড়া বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, শ্রমিক দলসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা র‌্যালিতে অংশ নেন।
র‌্যালিতে অংশগ্রহণকারীরা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরেন এবং দলীয় স্লোগানে মুখরিত হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন।
ঐতিহাসিক ৭ নভেম্বর বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি তাৎপর্যপূর্ণ দিন। বিএনপি দিবসটিকে জাতীয় ঐক্য, গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্বের চেতনায় উদ্বুদ্ধ হওয়ার দিন হিসেবে পালন করে। দিবসটি উপলক্ষে সাতক্ষীরায় আয়োজিত এ কর্মসূচিতে দলীয় নেতাকর্মীদের ব্যাপক অংশগ্রহণ রাজনৈতিক অঙ্গনে নতুন উদ্দীপনার সঞ্চার করে।