প্রিন্ট এর তারিখ : ৮ নভেম্বর ২০২৬ ।। প্রকাশের তারিখ : ৭ নভেম্বর ২০২৬
জাতীয় ঐক্য ছাড়া স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা সম্ভব নয়: অধ্যক্ষ ইজ্জত উল্লাহ

শেখ আমিনুর হোসেন, , জ্যেষ্ঠ প্রতিবেদক
বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অগ্রযাত্রা সুসংহত করতে জাতীয় ঐক্য, দেশপ্রেম ও গণতান্ত্রিক মূল্যবোধকে সমুন্নত রাখার আহ্বান জানিয়েছেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ।
তিনি বলেন, বর্তমান সময়েও দেশ ও জাতি নানা রাজনৈতিক ও জাতীয় সংকটের মুখোমুখি। গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র ও অপতৎপরতা রুখে দিতে জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই। অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে দেশকে পুনরায় ফ্যাসিবাদী শাসন ও স্বৈরাচারী প্রবণতার দিকে ঠেলে দেওয়ার যেকোনো অপচেষ্টা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে।
শনিবার (৭ নভেম্বর) বিকেল সাড়ে ৫টায় সাতক্ষীরা শহরের মুন্সিপাড়াস্থ আল-আমিন ট্রাস্টের কাজী শামসুর রহমান মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখা আয়োজিত ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অধ্যক্ষ ইজ্জত উল্লাহ বলেন, ১৯৭৫ সালের ৩ নভেম্বর সংঘটিত পাল্টা সামরিক অভ্যুত্থানের পর দেশে যে অস্থিরতা ও অনিশ্চয়তা তৈরি হয়েছিল, ৭ নভেম্বর দেশপ্রেমিক সৈনিক ও জনতার ঐক্যবদ্ধ ভূমিকা সেই পরিস্থিতিতে নতুন মাত্রা যোগ করে। ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবার’ স্লোগানে মুখরিত জনতার অংশগ্রহণে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রত্যয় আরও সুদৃঢ় হয়।
তিনি আরও বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব কেবল রাজনৈতিক স্লোগানের বিষয় নয়; এগুলো রক্ষায় সব শ্রেণি-পেশার মানুষের মধ্যে দেশপ্রেম, দায়িত্ববোধ ও পারস্পরিক শ্রদ্ধাবোধ প্রতিষ্ঠা জরুরি। গণতান্ত্রিক চর্চা অব্যাহত রাখা এবং জনগণের অধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করার মধ্য দিয়েই একটি স্থিতিশীল ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।
সাতক্ষীরা জেলা জামায়াতের নবাগত আমীর অধ্যক্ষ শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সংসদ সদস্য সালাউদ্দিন ও অ্যাডভোকেট আব্দুল আজিজ।
জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আজিজুর রহমানের সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমীর শেখ নুরুল হুদা ও ডা. মাহমুদুল হক, সহকারী সেক্রেটারি অধ্যাপক গাজী সুজায়েত আলী, ডা. মাহবুবুল আলম, অধ্যাপক ওবায়দুল্লাহ, প্রভাষক ওমর ফারুক ও মাওলানা উসমান গনি।
এ ছাড়া জেলা জামায়াতের কর্মপরিষদ ও মজলিসে শূরার সদস্য, বিভিন্ন উপজেলা জামায়াতের আমীর, নায়েবে আমীর, সেক্রেটারিসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা ৭ নভেম্বরের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরে বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অগ্রযাত্রা রক্ষায় রাজনৈতিক মতপার্থক্যের ঊর্ধ্বে উঠে জাতীয় স্বার্থকে প্রাধান্য দিতে হবে। একই সঙ্গে দেশপ্রেম, পারস্পরিক সহযোগিতা ও জাতীয় ঐক্যের ভিত্তিতে একটি ন্যায়ভিত্তিক, গণতান্ত্রিক ও স্থিতিশীল রাষ্ট্র গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।