যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার মঞ্চ মাতাবেন অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব

অভিনয়ের পাশাপাশি সংগীতের মঞ্চেও নিজের অবস্থান তৈরি করছেন অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। নিউইয়র্কের সফল আয়োজনের ধারাবাহিকতায় এবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার দর্শকদের সামনে গান নিয়ে হাজির হতে যাচ্ছেন তিনি। আগামী ১৩ ডিসেম্বর ফ্লোরিডার টাম্পা শহরে অনুষ্ঠিত হতে যাওয়া ‘সপ্তম ওয়ার্ল্ড ফেয়ার অ্যান্ড ফেস্ট’-এর দ্বিতীয় দিনে সংগীত পরিবেশন করবেন এই তারকা। স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায় তার এই পরিবেশনা শুরু হবে।
নতুন এই আয়োজন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় অপূর্ব বলেন, নিউইয়র্কের পর এবার ফ্লোরিডার শ্রোতাদের জন্য গান নিয়ে আসছি। সেখানে উপস্থিত দর্শকদের সঙ্গে গান ও গল্পের মাধ্যমে সুন্দর সময় কাটবে বলে প্রত্যাশা করছেন তিনি। এর আগে গত আগস্টে নিউইয়র্কের জ্যামাইকা পারফর্মিং আর্টস সেন্টারে ‘অপূর্ব মিউজিক্যাল নাইট’ শিরোনামে প্রথম একক সংগীতানুষ্ঠানে অংশ নিয়েছিলেন তিনি। প্রায় দুই ঘণ্টার সেই আয়োজনে হেমন্ত মুখোপাধ্যায়, সোলস, বাপ্পা মজুমদার ও নগর বাউল জেমসের জনপ্রিয় সব গানের পাশাপাশি দর্শকদের সঙ্গে আলাপচারিতায় মেতে উঠতে দেখা যায় তাকে।
যুক্তরাষ্ট্রের প্রায় ১২টি শহর থেকে কনসার্টের প্রস্তাব পাওয়ার কথা জানিয়েছিলেন অপূর্ব। তবে তাড়াহুড়ো না করে যথাযথ প্রস্তুতির মধ্য দিয়েই একেকটি আয়োজনে অংশ নিতে চান তিনি। প্রবাসে কাটানো সময়কে কাজে লাগিয়ে সংগীতানুষ্ঠানের এই যাত্রা শুরু করলেও, দেশে ফিরেও মঞ্চে গাওয়ার তীব্র আগ্রহ রয়েছে তার। গত আগস্টে দেশে ফেরার পর নিজের এমন ইচ্ছার কথা জানিয়েছিলেন তিনি।
এদিকে গানের মঞ্চে ব্যস্ত থাকলেও অভিনয় থেকে দূরে সরে যাচ্ছেন না জনপ্রিয় এই অভিনেতা। গত অক্টোবরের শুরুর দিকে যুক্তরাষ্ট্রে পাড়ি জমানোর আগে তিনি অর্ধডজনের বেশি নাটকের শুটিং সম্পন্ন করেছেন। একইসঙ্গে একাধিক চলচ্চিত্র নিয়েও তার আলোচনা চলছে। সব প্রস্তুতি চূড়ান্ত হলে শিগগিরই নতুন সিনেমার আনুষ্ঠানিক ঘোষণা দেবেন বলেও জানিয়েছেন তিনি।
মূলত অভিনয়, নাটক ও সিনেমার ব্যস্ততম সূচির ফাঁকেই গানের জন্য নতুন করে সময় বরাদ্দ করছেন অপূর্ব। নিউইয়র্কের সাফল্যের পর ফ্লোরিডার মঞ্চে তার এই নতুন পরিচয় এবং সংগীত পরিবেশনা কতটা সাড়া ফেলে, তা দেখার অপেক্ষায় আছেন ভক্তরা।