প্রিন্ট এর তারিখ : ৫ নভেম্বর ২০২৬ ।। প্রকাশের তারিখ : ৫ নভেম্বর ২০২৬

তালায় খাঁচায় আটকে গুরুতর আহত বনবিড়ালের বাচ্চা উদ্ধার

তালায় খাঁচায় আটকে গুরুতর আহত বনবিড়ালের বাচ্চা উদ্ধার
দেশ টাইমস- , তালা ডেস্ক

গাজী জাহিদুর রহমান, নিজস্ব প্রতিবেদক:

সাতক্ষীরার তালায় খাঁচায় আটকা পড়ে গুরুতর আহত হওয়া একটি বনবিড়ালের বাচ্চা উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে উপজেলার শাহাপুর গ্রাম থেকে বাচ্চাটিকে উদ্ধার করে বন্যপ্রাণী অপরাধ প্রতিরোধে কাজ করা স্বেচ্ছাসেবী সংগঠন ওয়াইল্ডলাইফ মিশন।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাতে শাহাপুর গ্রামের একটি বাড়িতে খাঁচায় মা বনবিড়ালসহ বাচ্চাটি আটকা পড়ে। পরে মা বনবিড়ালটির ব্যাপারে হত্যা ও পালিয়ে যাওয়া – এমন দুই রকম তথ্য পাওয়া গেছে। উদ্ধারের সময় বাচ্চাটির গলায় মারাত্মক জখম ছিল।

গ্রামের শাওন মোল্যা বিষয়টি তালার ওয়াইল্ডলাইফ মিশনের সভাপতি জুলফিকার রায়হান ও সদস্য সেলিম শেখকে জানালে তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে বাচ্চাটিকে উদ্ধার করে তালা উপজেলা প্রাণিসম্পদ হাসপাতালে নিয়ে আসেন। সেখানে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাসুম বিল্লাহ ও ভেটেরিনারি সার্জন ডা. তৌহিদ কামাল খান বাচ্চাটিকে প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করেন।

এ বিষয়ে ওয়াইল্ডলাইফ মিশনের সভাপতি ও সাংবাদিক জুলফিকার রায়হান বলেন, বনবিড়াল কৃষকের নীরব বন্ধু হিসেবে পরিচিত। ইঁদুরসহ ফসলের ক্ষতিকর প্রাণী খেয়ে এটি কৃষকের উপকার করে। বনবিড়াল হত্যা ও আটকে রাখা বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইনে দণ্ডনীয় অপরাধ।

তিনি আরও বলেন, বৃহস্পতিবার সকালে উদ্ধার হওয়া বাচ্চাটি উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল আফরোজ স্বর্ণার তত্ত্বাবধানে উদ্ধার ও চিকিৎসা করানো হয়। বর্তমানে বাচ্চাটি ওয়াইল্ডলাইফ মিশনের সাময়িক হেফাজতে রয়েছে। সেখানে তাকে চিকিৎসা ও প্রয়োজনীয় খাদ্য দেওয়া হচ্ছে। সুস্থ হলে পরবর্তীতে প্রশাসন ও বন বিভাগের মাধ্যমে উপযুক্ত পরিবেশে প্রকৃতিতে অবমুক্ত করা হবে