প্রিন্ট এর তারিখ : ৫ নভেম্বর ২০২৬ ।। প্রকাশের তারিখ : ৫ নভেম্বর ২০২৬

ভোমরায় বাল্যবিবাহের উদ্যোগ বন্ধ, মুচলেকা দিলেন অভিভাবকরা

ভোমরায় বাল্যবিবাহের উদ্যোগ বন্ধ, মুচলেকা দিলেন অভিভাবকরা
দেশ টাইমস- , আইন-আদালত ডেস্ক

সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা ইউনিয়নে ১৪ বছর বয়সী ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীর বাল্যবিবাহের উদ্যোগ প্রতিরোধ করা হয়েছে। প্রশাসনের নির্দেশনা ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সমন্বিত উদ্যোগে শিশুবিবাহের আয়োজন বন্ধ করা হয়। এ সময় ঐ ছাত্রীর অভিভাবকদের বাল্যবিবাহের আইনগত দিক সম্পর্কে পরামর্শ দেওয়া হয় এবং শিশুটিকে প্রাথমিকভাবে মনোসামাজিক কাউন্সেলিং করা হয়। পরে অভিভাবকেরা নিজেদের ভুল বুঝতে পেরে বাল্যবিবাহের উদ্যোগ বন্ধ রাখার অঙ্গীকার করে মুচলেকা দেন।

ঘটনাটি সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা ইউনিয়নের চৌবাড়ীয়া গ্রামের। আগামী ৬ নভেম্বর শুক্রবার দুপুরে তার বিয়ের আয়োজনের প্রস্তুতি চলছিল। এ খবরটি জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসন এবং সংশ্লিষ্ট দপ্তর অবগত হন। এ শিশুবিবাহের আয়োজন বন্ধ করতে জেলা প্রশাসক কাওসার আজিজের নির্দেশনা অনুযায়ী সার্বিক পরিস্থিতি সমন্বয় করেন সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অর্ণব দত্ত।

শিশুটির বাল্যবিবাহ প্রতিরোধে উদ্যোগ নেন সাকিবুর রহমান বাবলা। এ সময় তাঁর সঙ্গে ছিলেন সমাজসেবা অধিদপ্তরের শিশু সুরক্ষাকর্মী আফসার সুলতানা ও বাশিয়ার রহমান, সিডব্লিউসিএসের লিয়াজো অফিসার রুহুল আমিন, পল্লীশ্রী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হাসান ও বিদ্যালয়ের একজন সহকারী শিক্ষক। তাঁরা স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে মেয়েটির অভিভাবকদের সঙ্গে কথা বলেন এবং বাল্যবিবাহ নিরোধ আইন ও এর শাস্তির বিধান সম্পর্কে অবহিত করেন।

জানা যায়, মেয়েটির সঙ্গে সাতক্ষীরার দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়নের শশাডাঙ্গা গ্রামের আসাদুল ইসলাম সরদারের ছেলে সুমন হোসেন শামীমের সাথে বিবাহ ঠিক করা হয়েছিল। সে একটি মাদ্রাসার আলিম শ্রেণির শিক্ষার্থী এবং পাশাপাশি রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করে।

প্রতিরোধ কার্যক্রম চলাকালে অভিভাবকদের মেয়ের বয়স, শিক্ষা, নিরাপত্তা ও ভবিষ্যৎ বিবেচনায় বাল্যবিবাহের ক্ষতিকর প্রভাব সম্পর্কে পরামর্শ দেওয়া হয়। একই সঙ্গে শিশুটির সঙ্গে প্রাথমিক মনোসামাজিক কাউন্সেলিং করা হয়। পরে অভিভাবকেরা তাঁদের ভুল বুঝতে পেরে মেয়ের বিয়ের উদ্যোগ থেকে সরে আসেন এবং এ বেআইনি কর্মকাণ্ড উদ্যোগ বন্ধ রাখার অঙ্গীকার করে মুচলেকা প্রদান করেন এবং উপজেলা প্রশাসন থেকে এ শিশুবিবাহের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।