খুলনা ও বাগেরহাট সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর) খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন। দিনব্যাপী এই সফরে তিনি মোংলা বন্দরের সম্প্রসারণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপনের পাশাপাশি খুলনায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’-এর কেন্দ্রীয় উদ্বোধন করবেন।
সফরসূচি অনুযায়ী, সকালে হেলিকপ্টারযোগে ঢাকা থেকে মোংলা বন্দরে পৌঁছাবেন প্রধানমন্ত্রী। সেখানে বন্দরের উন্নয়ন প্রকল্পের আওতায় নতুন দুটি কনটেইনার জেটি ও আনুষঙ্গিক অবকাঠামো নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি। এর আগে বাগেরহাটে হজরত খানজাহান আলী (রহ.)-এর মাজার জিয়ারত করবেন। পরে সড়কপথে খুলনার সার্কিট হাউসে পৌঁছাবেন তিনি।
বিকেল ৩টায় খুলনা জেলা স্টেডিয়ামে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে তৃণমূল পর্যায়ের ক্রীড়া মেধা অন্বেষণের বিশেষ কর্মসূচি ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’-এর কেন্দ্রীয় উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এসময় ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের ৫০৩টি উপজেলায় একযোগে এ প্রতিযোগিতার কার্যক্রম শুরু হবে। সব কর্মসূচি শেষে বিকেলেই হেলিকপ্টারযোগে ঢাকায় ফেরার কথা রয়েছে তার।
দুই সপ্তাহের ব্যবধানে মোংলা বন্দরে এটি প্রধানমন্ত্রীর দ্বিতীয় সফর। বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের যোগাযোগ উন্নয়নে এই সফর বেশ গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। এদিকে তার সফরকে ঘিরে খুলনা মেট্রোপলিটন পুলিশ ও জেলা প্রশাসনের পক্ষ থেকে তিন স্তরের কড়া নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।