গণতন্ত্র পুনর্গঠনে নৈতিক সমাজ গঠনের তাগিদ ঢাবি শিক্ষার্থীদের

গণতন্ত্র পুনর্গঠনের প্রক্রিয়ায় কেবল প্রাতিষ্ঠানিক সংস্কার নয়, বরং নৈতিক সমাজ বিনির্মাণকে সমভাবে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মঙ্গলবার (৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত এক যৌথ সম্মেলনে শিক্ষার্থীরা ছায়া সংসদীয় বিতর্কের মাধ্যমে এ সংক্রান্ত বিভিন্ন যুক্তি উপস্থাপন করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও জাগ্রত নাগরিক ফাউন্ডেশন (জানাফ) যৌথভাবে ‘ডাকসু যুব নেতৃত্ব সম্মেলন ২০২৬’ এবং ‘জানাফ সচেতন নাগরিক সম্মেলন’-এর আয়োজন করে। এতে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী ছাড়াও দেশের বিভিন্ন অঞ্চলের তরুণ প্রতিনিধিরা অংশ নেন। সম্মেলনের মূল আকর্ষণে থাকা ছায়া সংসদীয় বিতর্কের বিষয় ছিল ‘গণতন্ত্র পুনর্গঠনের স্বার্থে প্রতিষ্ঠান সংস্কারের চেয়ে নৈতিক সমাজ গঠনকে বেশি প্রাধান্য দেওয়া উচিত’।
উক্ত বিতর্কে সরকারি দলের পক্ষে অংশ নেন ফারিয়া আরাফাত, উম্মে সুহালা ও মো. সাজিদুল ইসলাম। অন্যদিকে বিরোধী দলের হয়ে সাব্বির আহমেদ শিশির, নাহিদা সুলতানা ও তানিম বিন কাইয়ুম তাদের বক্তব্য তুলে ধরেন। উভয় পক্ষই গণতন্ত্রের স্থায়িত্ব, প্রাতিষ্ঠানিক সংস্কার ও নৈতিক মূল্যবোধের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেন। এছাড়া তরুণদের নীতি-নির্ধারণী কৌশল উপস্থাপন করতে একটি ছায়া মন্ত্রিসভার আয়োজনও করা হয়।
অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি মির্জা হুসেইন হায়দার, জানাফের ভাইস চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. নাসিমুল গনি এবং আইআরআই-এর রেসিডেন্ট প্রোগ্রাম ডিরেক্টর জন ফ্লুহার্টি বক্তব্য রাখেন। সম্মেলনে যুক্তরাষ্ট্র ও পাকিস্তান দূরবাসের প্রতিনিধিরা আন্তর্জাতিক কূটনৈতিক ও নেতৃত্ব বিষয়ক দৃষ্টিভঙ্গি আলোচনা করেন। এছাড়া ডাকসুর ভিপি মো. আবু সাদিক তরুণদের রাজনৈতিক সচেতনতার বিষয়ে বক্তব্য দেন।
বিকেলের পর্বে ডাকসু সদস্য আনাস ইবনে মুনিরের সঞ্চালনায় ‘নৈতিক নেতৃত্ব বিকাশের কেন্দ্র হিসেবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস: তরুণ নেতৃত্ব, আইনের শাসন, কর্মজীবন ও বাংলাদেশের ভবিষ্যৎ’ শীর্ষক প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়। এতে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঢাবির শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের অধ্যাপক সাইফীন আহমেদ, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম এবং আইইউবি-র অধ্যাপক ড. শাহরিয়ার খান।
আলোচনা শেষে উন্মুক্ত প্রশ্নোত্তর পর্বে শিক্ষার্থীরা অতিথিদের নানা বিষয়ে প্রশ্ন করেন। সম্মেলনটির সভাপতিত্ব করেন জানাফের চেয়ারম্যান এবং হার্ভার্ড ও বোস্টন ইউনিভার্সিটির সঙ্গে যুক্ত সাবেক ফিন্যান্সিয়াল ইকোনমিকস অধ্যাপক ড. শেখ আব্দুল হামিদ। আয়োজন শেষে বিতার্কিকদের সম্মাননা ও অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।