গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে শ্রমিক-পুলিশ সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়া

গাজীপুরের গাছা থানার সাইনবোর্ড এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বুধবার সকাল সাড়ে ৯টার দিকে শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। মহাসড়কে অবস্থান নিয়ে শ্রমিকরা বিক্ষোভ শুরু করলে যান চলাচল স্থবির হয়ে পড়ে। এ সময় শ্রমিকরা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। বুধবার (৪ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে শ্রমিকরা মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করলে যান চলাচল বন্ধ হয়ে যায়।
শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, বুধবার সকাল থেকেই পরিস্থিতি স্বাভাবিক ছিল। তবে সকাল সাড়ে ৯টার দিকে গাছা থানার এলাকায় প্রায় দুই থেকে চার হাজার শ্রমিক রাস্তায় নেমে আসেন। এরপরই উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি শান্ত করতে পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করে শ্রমিকদের সরিয়ে দেয়।
এর আগে সকাল সাড়ে ৮টার দিকে জয়দেবপুর এলাকাতেও শ্রমিকরা জড়ো হয়েছিলেন, যাদের পরবর্তীতে সেখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে। পুলিশ সুপার আরও জানান, বর্তমানে সালনা, রাজেন্দ্রপুর, শফিপুর ও পল্লীবিদ্যুৎ এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে কাশিমপুর এলাকায় কিছুটা উত্তেজনা থাকায় সেখানে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে দায়িত্ব পালন করছে।