পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল: ৭ কর্মকর্তার নতুন দায়িত্ব

পুলিশের উচ্চপর্যায়ে বড় ধরনের রদবদল আনা হয়েছে।
অতিরিক্ত আইজিপি পদমর্যাদার পাঁচজন এবং ডিআইজি পদমর্যাদার দুইজনসহ মোট সাতজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে নতুন কর্মস্থলে দায়িত্ব দেওয়া হয়েছে। বুধবার (৩ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে উপসচিব তৌহিফ আহমেদ স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে এই বদলি ও পদায়নের বিষয়টি জানানো হয়। জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর করার নির্দেশনা রয়েছে।
প্রজ্ঞাপনে এসআরবির মহাপরিচালক (অতিরিক্ত আইজিপি) মো. আহসান হাবীব পলাশকে পুলিশ অধিদপ্তরে বদলি করা হয়েছে। তার স্থলাভিষিক্ত হয়েছেন হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদ। এছাড়া পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত আইজিপি মো. সাইয়েদুর রহমানকে হাইওয়ে পুলিশের নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। শিল্পাঞ্চল পুলিশের অতিরিক্ত আইজিপি গাজী জসিম উদ্দিনকে রাজারবাগের পুলিশ টেলিকম সংস্থায় বদলি করা হয়েছে।
অন্যদিকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কমিশনার মো. ইসরাইল হাওলাদারকে অতিরিক্ত আইজিপি হিসেবে পদোন্নতি দিয়ে শিল্পাঞ্চল পুলিশের দায়িত্ব দেওয়া হয়েছে। তার জায়গায় জিএমপির নতুন কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আশিক সাইদ। এছাড়া রেলওয়ে পুলিশের ডিআইজি মীর আশরাফ আলীকে রাজশাহী রেঞ্জের ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে।