অপরাধমুক্ত সমাজ গঠনে পুলিশ-জনতার ঐক্যের আহ্বান সাতক্ষীরার পুলিশ সুপারের

সাতক্ষীরায় মাদক, বাল্যবিবাহ, ইভটিজিংসহ বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধ এবং শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জেলা স্কুল পর্যায়ে কমিউনিটি পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল ১০টায় সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম টুকুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সাতক্ষীরার পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল আলম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শাহিনুর চৌধুরী, সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জামিল কবির, জেলা পুলিশের ট্রাফিক ইন্সপেক্টর (অ্যাডমিন) গৌরাঙ্গ পাল এবং বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক। এ সময় বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবকসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা বলেন, মাদক, বাল্যবিবাহ, ইভটিজিংসহ নানা সামাজিক অপরাধ শুধু আইন প্রয়োগের মাধ্যমে নির্মূল করা সম্ভব নয়। এ জন্য পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, পুলিশ ও সমাজের সচেতন নাগরিকদের সম্মিলিতভাবে কাজ করতে হবে। বিশেষ করে শিক্ষার্থীদের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে পরিবার ও শিক্ষকদের আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
বক্তারা আরও বলেন, শিক্ষার্থীরা যেন নিরাপদ ও সুস্থ পরিবেশে বেড়ে উঠতে পারে, সে জন্য শিক্ষাপ্রতিষ্ঠানকেন্দ্রিক সচেতনতা কার্যক্রম জোরদার করা প্রয়োজন। কোথাও মাদক কেনাবেচা, ইভটিজিং, বাল্যবিবাহ কিংবা অন্য কোনো অপরাধ সংঘটিত হলে তা গোপন না রেখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করার আহ্বান জানানো হয়।
তারা উল্লেখ করেন, অপরাধ প্রতিরোধে পুলিশের পাশাপাশি সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ জরুরি। পারস্পরিক সহযোগিতা, সামাজিক সচেতনতা ও আইনের যথাযথ প্রয়োগের মাধ্যমে একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও অপরাধমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব। এ ক্ষেত্রে কমিউনিটি পুলিশিং পুলিশ ও জনগণের মধ্যে সেতুবন্ধন হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
অনুষ্ঠানে শিক্ষার্থী ও অভিভাবকদের সামাজিক অপরাধের কুফল সম্পর্কে সচেতন করা এবং অপরাধ প্রতিরোধে সম্মিলিত সামাজিক উদ্যোগ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।
সমাবেশটি পরিচালনা করেন সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম।