গার্মেন্ট খাতে অস্থিরতা: নেপথ্যে ইন্ধনদাতার সম্পৃক্ততা পেল গোয়েন্দারা

তৈরি পোশাক খাতে সাম্প্রতিক সময়ে ছড়িয়ে পড়া অনাকাঙ্ক্ষিত শ্রমিক অসন্তোষের পেছনে একটি স্বার্থান্বেষী মহলের গভীর ষড়যন্ত্র ও সরাসরি ইন্ধন থাকার বিষয়টি গোয়েন্দা সংস্থার অনুসন্ধানে উঠে এসেছে। সাধারণ শ্রমিকদের ন্যায্য দাবি-দাওয়ার সুযোগকে কাজে লাগিয়ে একটি অসাধু চক্র আসন্ন ডিসেম্বর মাসকে টার্গেট করে শিল্পাঞ্চল অস্থিতিশীল করার পরিকল্পনা করেছে। সরকারের উচ্চপর্যায়ে জমা দেওয়া গোয়েন্দা প্রতিবেদন অনুযায়ী, শ্রমিকদের উসকে দিয়ে কারখানা ভাঙচুর, সহিংসতা এবং শিল্পকারখানার স্বাভাবিক কার্যক্রম ব্যাহত করার পেছনে সুনির্দিষ্ট কিছু ব্যক্তি ও গোষ্ঠীর সম্পৃক্ততা পাওয়া গেছে। ওই ঘটনা ও দায়িদের বিস্তারিত পরিচয়সংবলিত প্রতিবেদন সরকারের সর্বোচ্চ মহলের কাছে রয়েছে। এমনকি গুজব ছড়িয়ে সহিংস ঘটনা ঘটানোর আশঙ্কাও করা হচ্ছে। এজন্য মালিক-শ্রমিক সবাইকে সতর্ক থাকবে হবে।
তদন্তকারী সংস্থার তথ্যমতে, আন্দোলনের আড়ালে নেপথ্য থেকে অর্থায়ন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানিমূলক বার্তা ছড়ানোর মাধ্যমে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা চলছে। বিশেষ করে আওয়ামী লীগের পতনের পর দলের কিছু নেতাকর্মী ও নির্দিষ্ট কয়েকটি শ্রমিক সংগঠনের নেতাদের প্রত্যক্ষ প্ররোচনা রয়েছে। গত রোববার মিরপুর, গাজীপুর ও সাভার এলাকায় ছড়িয়ে পড়া অসন্তোষে এসব ব্যক্তিদের সক্রিয় অংশগ্রহণ শনাক্ত করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এর মধ্যে অনেককে গ্রেফতার করা হয়েছে এবং বাকিরা বর্তমানে গোয়েন্দা নজরদারিতে রয়েছেন।
প্রতিবেদনে আরও উদ্বেগ প্রকাশ করা হয়েছে যে, অর্থনীতির মেরুদণ্ড হিসেবে পরিচিত পোশাকশিল্পকে অচল করে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করাই চক্রটির মূল লক্ষ্য। এই অপশক্তি কেবল কারখানাতেই সীমাবদ্ধ নেই; বরং রাজধানীর মেট্রোরেল স্টেশন, ব্যাংক এবং কেপিআইভুক্ত গুরুত্বপূর্ণ স্থাপনায় নাশকতার পরিকল্পনা করছে বলে আশঙ্কা করা হচ্ছে। গোয়েন্দারা এই পরিস্থিতি সামাল দিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং দ্রুত কঠোর আইনি পদক্ষেপ নেওয়ার সুপারিশ করেছে। শীর্ষ মহলের সবুজ সংকেত পেলেই এ বিষয়ে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানা গেছে। সাধারণ শ্রমিকদের সঙ্গে মিশে তারা রাজধানীর গুরুত্বপূর্ণ স্থাপনায় অগ্নিসংযোগ ও ভাঙচুরে অংশ নেন।
বাংলাদেশ ট্রেড ইউনিয়ন ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি তাসলিমা আখতার জানান, শ্রমিকরা মজুরি বৃদ্ধির দাবিতে স্বাভাবিক ও গণতান্ত্রিক আন্দোলন করবেন—এটি কাম্য। তবে শ্রমিকদের বিভ্রান্ত করে আন্দোলনের মোড় ঘুরিয়ে দেওয়ার অপচেষ্টা স্পষ্ট। তিনি অভিযোগ করেন, পতিত সরকারের মদদপুষ্টরা ডিসেম্বরকে সামনে রেখে বিভিন্ন শিল্প এলাকায় প্ররোচণা চালাচ্ছে। কারখানায় আগুন ও ভাঙচুরের দৃশ্য সাধারণ শ্রমিকের কাজের হতে পারে না। দ্রুততম সময়ের মধ্যে মজুরি বোর্ডের মাধ্যমে ন্যায্য বেতন কাঠামো নির্ধারণ করা না হলে গণ-অভ্যুত্থান বিরোধীরা অস্থিতিশীলতা তৈরির সুযোগ পাবে বলে তিনি সতর্ক করেছেন। তিনি আরও বলেন, মজুরি বৃদ্ধিতে গঠনমূলকভাবে আন্দোলন করলে কেউ বাধা দেন না, দেবেনও না। এরই ধারাবাহিকতায় তাদের কর্মীদের শ্রমঘন শিল্প এলাকায় নানামুখী প্রচারণা চালাতে দেখা গেছে। এক্ষেত্রে সময়ক্ষেপণ করলে গণ-অভ্যুত্থানবিরোধীরা সুযোগ নেবে।
সম্মিলিত গার্মেন্ট শ্রমিক ফেডারেশনের সভাপতি নাজমা আক্তার বর্তমান পরিস্থিতিকে ‘অসুস্থ’ হিসেবে বর্ণনা করে বলেন, সাধারণ শ্রমিকরা জিম্মি হয়ে পড়েছেন। কারখানায় কাজ করতে চাইলে তাদের ভয়ভীতি দেখানো হচ্ছে এবং জোরপূর্বক আন্দোলনে নিয়ে যাওয়া হচ্ছে। তিনি স্পষ্ট করেন, গঠনমূলক আন্দোলনে কারো আপত্তি নেই, কিন্তু ভাঙচুর ও নাশকতায় লিপ্ত হলে তার দায় শ্রমিকদেরই বহন করতে হবে।
অন্যদিকে, বাংলাদেশ এমপ্লায়ার্স ফেডারেশনের সভাপতি ফজলে শামীম এহসানের মতে, মজুরি বোর্ড কার্যকর হওয়ার পর এই ধরনের আন্দোলনের কোনো যৌক্তিক ভিত্তি নেই। তিনি দাবি করেন, একটি চিহ্নিত গোষ্ঠী দেশের অর্থনীতিকে পঙ্গু করার হীন উদ্দেশ্যে পোশাকশিল্পকে বেছে নিয়েছে। শিল্পমালিকরা সব সময় শ্রমিকের অবদানের প্রতি সম্মান প্রদর্শন করে থাকেন, তাই সাধারণ শ্রমিকরা কখনোই ভাঙচুরের মতো ধ্বংসাত্মক কাজে জড়াতে পারেন না। জড়িতদের চিহ্নিত করে দ্রুত শাস্তির আওতায় না আনতে পারলে শিল্প খাতের স্থিতিশীলতা রক্ষা করা কঠিন হবে বলে তিনি মনে করেন।