প্রিন্ট এর তারিখ : ২৪ নভেম্বর ২০২৬ ।। প্রকাশের তারিখ : ২ নভেম্বর ২০২৬

সিমেন্স ইডিএর অনুমোদিত ডিস্ট্রিবিউটর হলো পেন্টা গ্লোবাল

সিমেন্স ইডিএর অনুমোদিত ডিস্ট্রিবিউটর হলো পেন্টা গ্লোবাল
, বন্দর ও বাণিজ্য ডেস্ক

বাংলাদেশের সেমিকন্ডাক্টর ডিজাইন শিল্পে নতুন সম্ভাবনা তৈরি করতে পেন্টা গ্লোবাল লিমিটেডকে সিমেন্স ইন্ডাস্ট্রি সফটওয়্যারের (এসআইএসডব্লিউ) অনুমোদিত ডিস্ট্রিবিউটর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। সম্প্রতি আনুষ্ঠানিকভাবে এই অনুমোদন পাওয়ার মধ্য দিয়ে প্রতিষ্ঠানটি বাংলাদেশে সিমেন্সের ইডিএ (ইলেকট্রনিক ডিজাইন অটোমেশন) প্রযুক্তির পণ্য, প্রশিক্ষণ এবং কারিগরি সহায়তা প্রদানের দায়িত্ব পেল।

সেমিকন্ডাক্টর তৈরির বিভিন্ন জটিল ধাপ যেমন চিপ ডিজাইন, ভেরিফিকেশন, সাইনঅফ এবং অ্যাডভান্সড প্যাকেজিংয়ের ক্ষেত্রে ইডিএ প্রযুক্তির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই অংশীদারিত্বের ফলে বাংলাদেশের প্রকৌশলী, বিভিন্ন প্রযুক্তি প্রতিষ্ঠান এবং বিশ্ববিদ্যালয়গুলো সরাসরি আন্তর্জাতিক মানের সেবা ও প্রযুক্তি ব্যবহারের সুযোগ পাবে, যা স্থানীয় সেমিকন্ডাক্টর খাতের সক্ষমতা বৃদ্ধিতে বড় ভূমিকা রাখবে।

এই মাইলফলক নিয়ে পেন্টা গ্লোবালের ব্যবস্থাপনা পরিচালক ফয়সাল জামান বলেন, বাংলাদেশে দক্ষ জনবল ও পেশাদার প্রকৌশলীদের যে শক্তিশালী ভিত্তি রয়েছে, তা এই খাতের বিকাশে সহায়ক হবে। তিনি মনে করেন, আন্তর্জাতিক অংশীদারত্ব, উন্নত প্রযুক্তি ও প্রয়োজনীয় বিনিয়োগ নিশ্চিত করা গেলে বাংলাদেশ সেমিকন্ডাক্টর ডিজাইন এবং ইন্টেলেকচুয়াল প্রপার্টির মতো উচ্চমূল্যের প্রযুক্তিনির্ভর খাতে বৈশ্বিক বাজারে ভালো অবস্থান তৈরি করতে পারবে।

সিমেন্স ইডিএর পার্টনার অ্যাকাউন্ট ম্যানেজার ডেনিস লবজভ বলেন, পেন্টা গ্লোবালকে যুক্ত করা একটি কৌশলগত গুরুত্বপূর্ণ পদক্ষেপ। সিমেন্সের বৈশ্বিক প্রযুক্তিগত সক্ষমতাকে বাংলাদেশের জাতীয় উন্নয়নের লক্ষ্যের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে তারা কেবল নতুন বাজারে প্রবেশ করছে না, বরং স্থানীয় পর্যায়ে একটি টেকসই সেমিকন্ডাক্টর ইকোসিস্টেম গড়ে তোলার লক্ষ্য নিয়ে কাজ করছে। মূলত পেন্টা গ্লোবাল বাংলাদেশে আন্তর্জাতিক বাজার ও প্রযুক্তিগত সেবার মধ্যে সেতুবন্ধন হিসেবে কাজ করবে।