এনআইডি সংশোধন জটিলতা কমাতে কর্মশালা করবে নির্বাচন কমিশন

জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্য সংশোধনের ক্ষেত্রে বিদ্যমান আইনি জটিলতা নিরসন এবং সাধারণ নাগরিকদের ভোগান্তি লাঘবে উদ্যোগী হয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এই প্রক্রিয়ার অংশ হিসেবে দেশের ১০টি প্রশাসনিক অঞ্চল থেকে বাছাইকৃত ১ হাজারটি আবেদন পর্যালোচনা করা হবে। আগামী ১৯ নভেম্বর আয়োজিত এই কর্মশালায় সংগৃহীত তথ্য ও মতামতের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে সোমবার এনআইডি অনুবিভাগ সূত্রে জানা গেছে। আগামী ১৯ নভেম্বর এ কর্মশালা আয়োজনের পরিকল্পনা রয়েছে। সোমবার (২ নভেম্বর) ইসির এনআইডি অনুবিভাগ থেকে এ তথ্য জানা যায়।
ইসির সংশ্লিষ্ট অনুবিভাগ জানিয়েছে, মানবিক কারণে অনেক নাগরিকের এনআইডি সংশোধনের প্রয়োজন হলেও বর্তমান আইন ও বিধিনিষেধের বেড়াজালে তা অনুমোদন করা কঠিন হয়ে পড়ছে। বিশেষত, বিদেশগামী প্রবাসীদের ক্ষেত্রে এই সমস্যা প্রকট আকার ধারণ করেছে। বিদেশে যাওয়ার পূর্বে এনআইডিতে নিজের বা পিতা-মাতার নামে ভুল থাকলে পরে পাসপোর্টসহ অন্যান্য গুরুত্বপূর্ণ নথির সাথে তথ্যের অমিল দেখা দেয়। জাতীয় সংসদেও বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে, কিন্তু প্রচলিত আইনে মানবিক বিবেচনায় আবেদন অনুমোদনের সুযোগ সীমিত। বিশেষ করে প্রবাসীদের এনআইডি সংশোধনে এ ধরনের জটিলতা বেশি দেখা যাচ্ছে।
এই জটিলতা নিরসনে শিক্ষক, সমাজকর্মী, জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের প্রতিনিধি, সরকারি কর্মকর্তা এবং সংবাদমাধ্যম কর্মীদের মতামত নেওয়া হবে। বর্তমানে ইসির স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউরের (এসওপি) আওতায় ক, ক-১, খ, খ-১, গ ও ঘ—এই ছয়টি ক্যাটাগরিতে আবেদন নিষ্পত্তি করা হয়ে থাকে।
নির্বাচন কমিশনের সর্বশেষ তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত মোট ৬৫ লাখ ৭১ হাজার এনআইডি সংশোধন আবেদন জমা পড়েছে। এর মধ্যে ৬৪ লাখ ৪৩ হাজার আবেদন ইতিমধ্যে নিষ্পত্তি হয়েছে। বর্তমানে ১ লাখ ২৮ হাজার আবেদন অমীমাংসিত অবস্থায় পড়ে আছে। এর মধ্যে প্রায় ৭০ হাজার আবেদন রয়েছে ‘ঘ’ ক্যাটাগরিতে, যা এনআইডি অনুবিভাগের মহাপরিচালকের মাধ্যমে নিষ্পত্তি হয়। এছাড়া বাকি ৫৮ হাজার আবেদন অন্যান্য ক্যাটাগরিতে মাঠপর্যায়ে নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে।