প্রিন্ট এর তারিখ : ২৪ নভেম্বর ২০২৬ ।। প্রকাশের তারিখ : ১ নভেম্বর ২০২৬

শিশুর টয়লেট প্রশিক্ষণের সঠিক সময় ও করণীয়

শিশুর টয়লেট প্রশিক্ষণের সঠিক সময় ও করণীয়
, জীবনযাপন ডেস্ক

শিশুকে নিজে থেকে টয়লেট ব্যবহার শেখানো তাদের বিকাশের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পর্যায়। এর জন্য নির্দিষ্ট কোনো বয়স নির্ধারিত নেই, বরং শিশুর শারীরিক ও মানসিক সক্ষমতার ওপরই এই প্রশিক্ষণ শুরু করাটা নির্ভর করে। সাধারণত দেড় থেকে তিন বছর বয়সী শিশুদের মধ্যে টয়লেট ব্যবহারের প্রাথমিক প্রস্তুতি লক্ষ্য করা যায়।

প্রশিক্ষণ শুরুর আগে অভিভাবকদের কয়েকটি বিষয় খেয়াল রাখা প্রয়োজন। শিশু টানা দুই ঘণ্টা বা তার বেশি সময় ডায়াপার শুকনা রাখতে পারছে কি না, তা যাচাই করুন। এছাড়া পায়খানা বা প্রস্রাবের আগে মুখভঙ্গির পরিবর্তন, হাঁটাহাঁটি বা নড়াচড়ায় স্বাচ্ছন্দ্য, সহজ নির্দেশ পালন করা এবং বড়দের টয়লেট ব্যবহারে আগ্রহ দেখাচ্ছে কি না—এগুলোই হলো প্রশিক্ষণের উপযুক্ত সময় হওয়ার ইঙ্গিত। ময়মনসিংহের পপুলার ডায়াগনস্টিক সেন্টারের শিশু ও নবজাতক বিশেষজ্ঞ ডা. মানিক মজুমদার জানান, প্রস্তুতির আগেই জোর করে এই প্রক্রিয়া শুরু করলে সময় বেশি লাগে এবং শিশুর মধ্যে ব্যর্থতাজনিত হতাশা তৈরি হওয়ার ঝুঁকি থাকে।

প্রশিক্ষণের শুরুতে আলাদা পটি চেয়ার বা টয়লেট সিট অ্যাডাপ্টার ব্যবহার করতে পারেন। জোর না করে শিশুকে সেখানে বসার অভ্যাসে অভ্যস্ত করুন। ঘুমের পর বা খাবারের পরপর নির্দিষ্ট সময়ে পটিতে বসার রুটিন তৈরি করলে শরীরের প্রাকৃতিক ছন্দ তৈরি হয়। শিশু সফল হলে প্রশংসা করুন, তবে অতিরিক্ত চকলেট বা খেলনা দেওয়ার প্রলোভন না দেখানোই ভালো। ব্যর্থতায় বকাঝকা বা লজ্জা দেওয়া থেকে বিরত থাকা জরুরি।

চার বছর বয়সের পরও শিশু যদি দিনের বেলা প্রস্রাব-পায়খানা নিয়ন্ত্রণ করতে না পারে, তবে সতর্ক হতে হবে। এছাড়া ট্রেনিং শুরুর পর হঠাৎ আগের অভ্যাসে ফিরে যাওয়া, মলত্যাগের সময় ব্যথা, কোষ্ঠকাঠিন্য কিংবা টয়লেট নিয়ে তীব্র ভয় ও আতঙ্ক দেখা দিলে দেরি না করে দ্রুত শিশুবিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে।