প্রিন্ট এর তারিখ : ১ নভেম্বর ২০২৬ ।। প্রকাশের তারিখ : ১ নভেম্বর ২০২৬

লালমনিরহাটে এইচএসসি পরীক্ষায় ৬ শিক্ষাপ্রতিষ্ঠানের কেউ পাস করেনি

লালমনিরহাটে এইচএসসি পরীক্ষায় ৬ শিক্ষাপ্রতিষ্ঠানের কেউ পাস করেনি
,  সারাদেশ ডেস্ক

এইচএসসি পরীক্ষার ফলাফলে লালমনিরহাট জেলায় হতাশাজনক চিত্র ফুটে উঠেছে।

জেলার মোট ৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই এবার পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি। দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে আট জেলায় মোট ৪৯টি প্রতিষ্ঠান থেকে কেউ পাস করতে না পারার তালিকায় লালমনিরহাটের এই প্রতিষ্ঠানগুলো রয়েছে। শূন্য পাসের হারের তালিকায় রয়েছে হাতীবান্ধা উপজেলার দুটি, কালীগঞ্জের তিনটি ও আদিতমারীর একটি প্রতিষ্ঠান। এর মধ্যে হাতীবান্ধা মডেল কলেজের ১১ জন, আমিনুর রহমান কলেজের একজন, সোনারহাট স্কুল অ্যান্ড কলেজের দুজন, দুহুলী এসসি হাই স্কুল অ্যান্ড কলেজের একজন, দক্ষিণ ঘনশ্যাম স্কুল অ্যান্ড কলেজের একজন এবং গন্ধমরুয়া স্কুল অ্যান্ড কলেজের দুজন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিলেন।

চলতি বছর লালমনিরহাট জেলা থেকে মোট ৭ হাজার ৪৫৫ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নেন। এদের মধ্যে ৩ হাজার ৩৩৫ জন ছাত্র এবং ৪ হাজার ১২০ জন ছাত্রী ছিলেন। সব মিলিয়ে জেলায় উত্তীর্ণ হয়েছেন ৩ হাজার ৪৮২ জন। জেলার গড় পাসের হার ৪৬ দশমিক ৭১ শতাংশ। আলাদাভাবে বিশ্লেষণ করলে দেখা যায়, ছাত্রদের পাসের হার ৪০ দশমিক ৮৭ শতাংশ এবং ছাত্রীদের ৫১ দশমিক ৪৩ শতাংশ। এছাড়া জেলায় এবার জিপিএ-৫ পেয়েছেন ১০২ জন শিক্ষার্থী, যার মধ্যে ৩৬ জন ছাত্র ও ৬৬ জন ছাত্রী রয়েছে। সামগ্রিক পাসের হারে দিনাজপুর বোর্ডের আট জেলার মধ্যে লালমনিরহাট তৃতীয় অবস্থানে রয়েছে। তাদের মধ্যে ছাত্র ১ হাজার ৩৬৩ জন এবং ছাত্রী ২ হাজার ১১৯ জন।

ফলাফল বিপর্যয়ের কারণ হিসেবে নিয়মিত শ্রেণিকক্ষে পাঠদানের অভাব এবং দুর্গম ও চরাঞ্চল এলাকায় তীব্র শিক্ষকসংকটকে দায়ী করছেন অভিভাবকরা। শিক্ষার্থীদের শিক্ষাজীবনে এসব সীমাবদ্ধতার নেতিবাচক প্রভাব পড়েছে বলে তারা মনে করেন। তবে জেলা শিক্ষা কর্মকর্তার সঙ্গে এ বিষয়ে বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার সাড়া পাওয়া যায়নি।