প্রিন্ট এর তারিখ : ২৪ নভেম্বর ২০২৬ ।। প্রকাশের তারিখ : ৩১ অক্টোবর ২০২৬

কনস্টেবলের স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্ক: বাধ্যতামূলক অবসরে এএসপি মিজানুর

কনস্টেবলের স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্ক: বাধ্যতামূলক অবসরে এএসপি মিজানুর
, জাতীয় ডেস্ক

সহকারী পুলিশ সুপার (এএসপি) কাজী মিজানুর রহমানকে চাকরি থেকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। শনিবার ৩১ অক্টোবর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এই নির্দেশনার বিষয়টি নিশ্চিত করা হয়। কাজী মিজানুর রহমান বর্তমানে সিআইডির দিনাজপুর জেলায় কর্মরত ছিলেন। এর আগে তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও ট্রাফিক জোনে সহকারী কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।

অভিযোগ রয়েছে, ২০২২ সালের এপ্রিল মাসে বরিশাল মেট্রোপলিটন পুলিশের এক কনস্টেবলের স্ত্রীর সঙ্গে ফেসবুকের মাধ্যমে কাজী মিজানুরের পরিচয় হয়। পরবর্তীতে ওই নারীর সঙ্গে তিনি বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েন। এ সংক্রান্ত মামলায় আদালতের পর্যবেক্ষণেও তাদের মধ্যে স্বেচ্ছায় শারীরিক সম্পর্কের বিষয়টি উঠে এসেছিল, যা বিভাগীয় নথিতে উল্লেখ রয়েছে।

তদন্তে প্রমাণিত হয়েছে যে, একজন পুলিশ কর্মকর্তার এমন কর্মকাণ্ড বাংলাদেশ পুলিশ বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে। সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর ৩(খ) ধারায় তার বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ আনা হয়। সরকারি কর্ম কমিশনের সুপারিশ ও রাষ্ট্রপতির ২৫ অক্টোবরের অনুমোদনের পর চূড়ান্তভাবে তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর আদেশ কার্যকর করা হলো।