যান্ত্রিক ত্রুটিতে টোকিওতে আটকা প্রধানমন্ত্রীর ফিরতি ফ্লাইট

জাপান থেকে দেশে ফেরার সময় যান্ত্রিক ত্রুটির কবলে পড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চার দিনের সরকারি সফর শেষে বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় বাংলাদেশ বিমানের বিজি-৩৭৭ ফ্লাইটে তার ঢাকায় ফেরার কথা ছিল। নির্ধারিত সময়ে প্রধানমন্ত্রী ও সফরসঙ্গীরা বিমানে উঠলেও যান্ত্রিক গোলযোগের কারণে উড়োজাহাজটি উড্ডয়ন করতে পারেনি। বর্তমানে এটি নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরে অবস্থান করছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ভিভিআইপি ফ্লাইটটি বোর্ডিং সম্পন্ন করে টার্মিনাল ত্যাগ করার সময় ককপিটে স্পয়লারে ত্রুটিসংকেত ধরা পড়ে। নিরাপত্তার স্বার্থে পাইলট তাৎক্ষণিকভাবে উড্ডয়ন বাতিল করেন এবং কন্ট্রোল টাওয়ারের সাথে আলোচনার মাধ্যমে উড়োজাহাজটিকে পার্কিং বেতে ফিরিয়ে আনেন। বিমানটির ডানায় অবস্থিত স্পয়লার মূলত অবতরণ ও উড্ডয়নের সময় গতি নিয়ন্ত্রণে সহায়তা করে, তাই ঝুঁকি না নিয়ে প্রকৌশলী দলকে তলব করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রধানমন্ত্রীসহ ভিভিআইপি যাত্রীদের বহনকারী বিজি-৩৭৭ ফ্লাইটটি বোর্ডিং শেষে টার্মিনাল থেকে পুশব্যাক করা হয়। এরপর রানওয়ের দিকে যাওয়ার সময় ককপিটে উড়োজাহাজের স্পয়লারে ত্রুটিসংক্রান্ত সংকেত দেখা যায়। এটি ডানার উত্তোলনক্ষমতা কমিয়ে উড়োজাহাজের গতি নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
উড়োজাহাজটির কারিগরি ত্রুটি মেরামতে প্রকৌশলী সাদেকুল ইসলাম ভূঁইয়া ও প্রকৌশলী মান্নানের নেতৃত্বে একটি বিশেষ দল কাজ করছে। প্রাথমিক মূল্যায়নে প্রকৌশলীরা জানিয়েছেন, সবকিছু ঠিকঠাক থাকলে মেরামতের জন্য আরও দুই থেকে তিন ঘণ্টা সময়ের প্রয়োজন হতে পারে। তবে চূড়ান্ত উড্ডয়নের বিষয়টি নির্ভর করছে প্রয়োজনীয় কারিগরি পরীক্ষা ও নিরাপত্তা ছাড়পত্রের ওপর।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক শাহনূর আহমেদ ফ্লাইটে যান্ত্রিক ত্রুটির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, প্রকৌশলীরা এখন ত্রুটি সারানোর জন্য কাজ করছেন। প্রধানমন্ত্রীর যাত্রা নিরাপদ করতে এবং কারিগরি জটিলতা নিরসনে প্রয়োজনীয় সব ধরনের সতর্কতা অবলম্বন করা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।