স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত ৬৪

স্পেনে বুধবার সকালে দুটি দ্রুতগামী ট্রেনের ভয়াবহ সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৬৪ জনে দাঁড়িয়েছে। এতে আহত হয়েছেন আরও অনেকে।
স্থানীয় সময় সকাল ৯টার দিকে মাদ্রিদের কাছে টোলেডো প্রদেশে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ঘটনার পরপরই মাদ্রিদ থেকে সিউদাদ রিয়াল ও আন্দালুসিয়াগামী রেল যোগাযোগ সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে। রেল অবকাঠামো সংস্থা এডিআইএফ জানিয়েছে, মাদ্রিদ-আন্দালুসিয়া উচ্চগতির রেলপথে রেনফের দক্ষিণমুখী একটি এভিই দ্রুতগতির ট্রেন সামনে দাঁড়িয়ে থাকা ইরিও কোম্পানির ট্রেনটিকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষের তীব্রতায় কয়েকটি বগি লাইনচ্যুত হয়ে রেললাইনের পাশের ঢাল বেয়ে নিচে পড়ে যায়। বুধবার সকালে (২৮ অক্টোবর) মাদ্রিদের কাছে টোলেডো প্রদেশে এ দুর্ঘটনা ঘটেছে।
কাস্তিয়া-লা মাঞ্চা অঞ্চলের মুখপাত্র এস্তের পাদিয়া জানিয়েছেন, রেনফের ট্রেনটিতে ৩৯৭ জন এবং ইরিওর ট্রেনটিতে ১৪৭ জন যাত্রী ছিলেন। এবিসি নিউজের প্রতিবেদন অনুযায়ী, রেলপথের সংকেত ব্যবস্থার ত্রুটি মেরামতের দায়িত্বে থাকা এক কর্মীর ভুলে এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে। অভিযোগ উঠেছে, ওই কর্মী সামনে থাকা ইরিও ট্রেনের বিষয়টি রেনফের ট্রেন চালককে সতর্ক করতে ব্যর্থ হয়েছিলেন। তবে বিষয়টি তদন্ত সাপেক্ষে নিশ্চিত করার কাজ চলছে। ইতালীয় মালিকানাধীন প্রতিষ্ঠান ইরিও জানিয়েছে, তারা জরুরি সুরক্ষা ব্যবস্থা সক্রিয় করে কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে কাজ করছে।
ট্রেন দুর্ঘটনার এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। তিনি এক্সে দেওয়া বার্তায় বলেন, টোলেডোর ঘটনায় তিনি গভীরভাবে মর্মাহত। সানচেজ জানিয়েছেন, ক্ষতিগ্রস্তদের সহায়তা এবং তাদের নিরাপত্তা নিশ্চিতে জরুরি সেবাকর্মীরা দুর্ঘটনাস্থলে নিরলসভাবে কাজ করছেন। তিনি প্রতিনিয়ত পরিবহনমন্ত্রী অস্কার পুয়েন্তে এবং কাস্তিয়া-লা মাঞ্চার আঞ্চলিক প্রেসিডেন্টের সঙ্গে যোগাযোগ রাখছেন। চলতি বছর স্পেনের উচ্চগতির রেল নেটওয়ার্কে এটি দ্বিতীয়বারের মতো বড় ধরনের দুর্ঘটনা, যা দেশজুড়ে উদ্বেগের সৃষ্টি করেছে।