
সাতক্ষীরা শহরের সুলতানপুর বড় বাজার এলাকায় একটি বেসরকারি ব্যাংকের গ্যারেজ থেকে মাত্র ৬ মিনিটের ব্যবধানে একটি মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। সোমবার (৯ মার্চ ‘২৬) সকাল সাড়ে ১০টার দিকে আল-আরাফাহ ইসলামী ব্যাংকের গ্যারেজে এই চুরির ঘটনা ঘটে।
ভুক্তভোগী মো. সাইদুল ইসলাম (৫০) জানান, তিনি ব্রহ্মরাজপুর এলাকার বাসিন্দা এবং জিফুল বাড়ি দরগাহ শরীফ আলিম মাদ্রাসার শিক্ষক। সকালে ব্যক্তিগত কাজে তিনি তাঁর লাল রঙের ‘হিরো স্প্লেন্ডার প্লাস’ (১০০ সিসি) মোটরসাইকেলটি ব্যাংকের গ্যারেজে রেখে ভেতরে প্রবেশ করেন। মাত্র ৬ মিনিট পর কাজ শেষে ফিরে এসে দেখেন, নির্ধারিত স্থানে তাঁর মোটরসাইকেলটি নেই।
চুরি হওয়া মোটরসাইকেলেররেজিস্ট্রেশন নম্বর: সাতক্ষীরা-হ-১৭-৫০৮৮
ইঞ্জিন নম্বর: HA10ERK9M00476
চেসিস নম্বর: PS1HAR149LJB00032
শিক্ষক সাইদুল ইসলাম বলেন, “আমি ব্যাংকের ভেতরে থাকা অবস্থায় অজ্ঞাতনামা চোর বা চোরচক্র এটি নিয়ে চম্পট দেয়। ঘটনার পর আশপাশের এলাকায় অনেক খোঁজাখুঁজি করেও কোনো হদিস মেলেনি।”
ব্যাংক সূত্রে জানা গেছে, চুরির পুরো ঘটনাটি আল-আরাফাহ ইসলামী ব্যাংকের সিসিটিভি ক্যামেরায় ধারণ করা হয়েছে। ভিডিও ফুটেজে চোরের গতিবিধি শনাক্ত করার চেষ্টা চলছে। ঘটনার প্রত্যক্ষদর্শী হিসেবে ভুক্তভোগীর স্ত্রী রাফিজা ইয়াসমিনসহ স্থানীয় বেশ কয়েকজনের নাম উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে সাতক্ষীরা সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী। পুলিশ জানিয়েছে, সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে মোটরসাইকেলটি উদ্ধার এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান শুরু করা হবে।