শ্যামনগরে বুদ্ধি প্রতিবন্ধীর একমাত্র আয়ের উৎস মোটর ভ্যান চুরি
📝মোঃ হাফিজুর রহমান✍️নিজস্ব প্রতিবেদক✅
প্রকাশের সময় :
সোমবার, ৯ মার্চ, ২০২৬
২২১
বার পড়া হয়েছে
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কাশিমাড়ী ইউনিয়নের খেজুরআটি গ্রামের বুদ্ধি প্রতিবন্ধী মোঃ শফিকুল ইসলাম তার একমাত্র আয়ের উৎস মোটর ভ্যান হারিয়ে এখন চরম দুর্দশার মধ্যে দিনযাপন করছেন। তিনি ওই গ্রামের মৃত নুর মোহাম্মদ সরদারের ছেলে।
জানা গেছে, শফিকুল ইসলাম দীর্ঘদিন ধরে একটি মোটরচালিত ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। প্রতিদিন ভ্যান চালিয়ে যা আয় হতো, তা দিয়েই কোনো রকমে চলতো তার সংসার। কিন্তু গত পহেলা রমজানের রাতে দুর্বৃত্তদের চুরির ঘটনায় তার জীবনে নেমে আসে চরম সংকট।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো সেদিনও সারাদিন মোটর ভ্যান চালিয়ে রাতে বাড়িতে ফিরে ভ্যানটি চার্জে দিয়ে রাখেন শফিকুল। পরে তিনি ঘুমিয়ে পড়েন। কিন্তু পরদিন সকালে ঘুম থেকে উঠে দেখেন, বাড়ির সামনে রাখা তার মোটর ভ্যানটি আর নেই। রাতের আঁধারে কে বা কারা ভ্যানটি চুরি করে নিয়ে গেছে।
ভ্যানটি হারিয়ে যাওয়ার পর থেকে শফিকুল ইসলামের আয়-রোজগারের পথ পুরোপুরি বন্ধ হয়ে গেছে। ফলে তিনি এখন অত্যন্ত কষ্ট ও অসহায় অবস্থায় দিন কাটাচ্ছেন।
স্থানীয়রা জানান, শফিকুল একজন বুদ্ধি প্রতিবন্ধী হওয়ায় অন্য কোনো কাজ করা তার পক্ষে সহজ নয়। অনেক কষ্ট করে ভ্যান চালিয়েই তিনি নিজের জীবিকা নির্বাহ করতেন। কিন্তু সেই একমাত্র ভ্যানটি চুরি হয়ে যাওয়ায় তিনি এখন কার্যত কর্মহীন হয়ে পড়েছেন।
গ্রামবাসীরা জানান, শফিকুল ইসলাম খুবই নিরীহ ও শান্ত-স্বভাবের মানুষ। তার ভ্যানটি উদ্ধার করা গেলে অথবা নতুন একটি ভ্যানের ব্যবস্থা করা গেলে তিনি আবারও স্বাভাবিকভাবে জীবিকা নির্বাহ করতে পারবেন।
এদিকে এলাকাবাসী ও স্থানীয় সচেতন মহল প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে ভ্যানটি উদ্ধারের দাবি জানিয়েছেন। পাশাপাশি সমাজের বিত্তবান ও সহৃদয় ব্যক্তিদের কাছে শফিকুল ইসলামের পাশে দাঁড়িয়ে তাকে নতুন একটি মোটর ভ্যান কিনে দেওয়ার জন্য সহযোগিতার আহ্বান জানিয়েছেন।