
অব্যক্ত কথার বৃষ্টি
ইচ্ছে হয়, মনের ভিতরে জমে থাকা মেঘগুলো
অঝোর ধারায় ঝরিয়ে দিই বৃষ্টির মতো।
ইচ্ছে হয়, বুকের গভীরে জমে থাকা কথাগুলো
দু’চোখ ভরা বিশ্বাসের সামনে অকপটে বলে যাই।অনেক কিছু জমে আছে—
যা বললেই হালকা হবে বুকের ভার,
কিন্তু কার কাছে বলি?
সবাই তো দেখে শুধুই মুখের হাসি,
কেউ কি শুনতে চায় চাপা কান্নার সুর?দেখার লোক আছে অনেক,
আমার ভুলগুলো পাহাড়সম বড় করে তোলা,
কিন্তু শুনবে কে সেই কথাগুলো,
যা আমার ভেতর কান্নার মতো জমে আছে?আমি খুঁজে ফিরি এমন কাউকে,
যার কাছে আমার দোষ-গুণ নয়,
আমার না বলা কথাগুলোর ওজন হবে বেশি।
যে শুনবে, অনুভব করবে,
আমার ভাঙা সুরের কথা।ইচ্ছে হয়, একদিন সেই মানুষটার সামনে
নিজেকে মেলে ধরবো—
অব্যক্ত কথা, চাপা কান্না,
সবকিছু বৃষ্টি হয়ে ঝরবে।
তখনই বুঝি পাবো সত্যিকারের মুক্তি।