
ফুলের প্রতিশ্রুতি
একটি সন্ধ্যার ম্লান আলো আমায় ডাকল
বলল, “তোমার হৃদয়ে একবার ফুল ফুটেছিল,
তুমি কি জানো সেই ফুলের গল্প?
তোমার পথের ধারে,
যেখানে রোদের আভায় লুকিয়ে ছিল
একটি নীরব লাল গোলাপ,
তুমি কি দেখেছিলে তাকে?”আমি তার জিজ্ঞাসায় নত হলাম।
বললাম, “আমার চোখে ছিল কুয়াশার পর্দা,
আমি দেখিনি সে ফুটন্ত গোলাপের হাসি,
শুনিনি মৃত কোন গোলাপের মধুর গান।
আমার স্বপ্নগুলো ছিল কাঁচের মতো ভঙ্গুর,
আমি সেখানে কোনো ফুলের ছোঁয়া পাইনি।”সন্ধ্যা মৃদু হেসে বলল,
“তুমি হয়তো জানো না,
তোমার হৃদয়ই একদিন ফুল হয়ে ফোটে।
তুমি যদি অপেক্ষা করো সেই ভোরের,
যে আসবে একদিন কুয়াশা সরিয়ে,
তবে দেখবে গোলাপেরা ফিরে এসেছে
তোমার স্বপ্নের প্রেমিকা হয়ে।
সেইসব ফুটন্ত ও মৃত গোলাপের
সুগন্ধ ও সৌন্দর্যে ভরে উঠবে
তোমার হৃদয়ের প্রতিটি কোণ।”আমি প্রতিশ্রুতি দিলাম,
অপেক্ষা করব ততদিন অবধি
যতদিনে মৃত গোলাপ আবার জীবিত না হয়,
শীতের কুয়াশার রাতের শেষে সুর্য কিংবা
আলোতে আধারের পতন।
আর স্বপ্নেরা বায়বীয় নয়,
হবে এক চিরন্তন বাস্তবতা।