
শেকড়ের সাথে বসবাস
বহুদিন হয়ে গেছে নীড়ে ফিরিনা,
পথের শেষে নেই কোনো প্রতিশ্রুতি।
বহুদূর এসে আজ পিছে তাকাইনা,
সময় যেন থেমে আছে ক্লান্তির ভ্রূকুটিতে।শতাব্দীর পথে ভ্রমণে ক্লান্ত ভীষণ,
পা আটকে গেছে পুরাতন ফাঁদে।
ধূলিমলিন স্মৃতিরা টানে পিছন থেকে,
তবু এগোই—
অজানা একজোড়া তৃষ্ণার্ত চোখের সন্ধানে।অপেক্ষা দীর্ঘায়িত হয়,
প্রাচীন থেকে প্রাচীনতম হয়ে।
শেকড়ের সাথে বসবাসে
জমে ওঠে নীরবতার শিকড়।
নিঃশ্বাসের ভাঁজে লুকিয়ে থাকে
অতীতের ছিন্নপত্র।নীড়ের ডাকে সাড়া দিই না,
তবু তার ছায়া আমায় ঘিরে থাকে।
তৃষ্ণার্ত চোখ কি খুঁজবে আমায়?
নাকি আমি নিজেই হবো শেকড়,
যেখানে সময় রচনা করবে
আরেকটি চক্র।নীড়ে ফেরা মানে কি তবে
নিজেকে খুঁজে পাওয়া?
নাকি হারিয়ে যাওয়া আরেকবার—
চেনা পথেও অচেনা হয়ে??