
সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের বকমারি খালে মাছ ও কাকড়া ধরার সময় ১১ জেলেকে আটক করেছে বন বিভাগ। রবিবার সন্ধ্যায় তাদেরকে আটক করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। দুই দিন সুন্দরবনে পালিয়ে ছিলেন এসব জেলেরা।
আটকৃতরা হলেন- শ্যামনগর উপজেলার ছোট ভেটখালী গ্রামের আব্দুল্লাহ্ (২৮), ফজলুল করিম (৩৫), মাজেদ (৩৬), ওয়াজেদ গাজী (৩০), রফিকুল ইসলাম (৪৫), শাহিনুর (৪৪), শাকিব (২০), মফিজুল (৪৫), শহিদ (৩২), সাগর (৪০) ও তরিকুল ইসলাম (৪৫)।
সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারি বণসংরক্ষক এম এ হাসান জানান, অবৈধভাবে অনুপ্রবেশ করে বকমারি খালে তারা মাছ ও কাকড়া ধরছিলেন। গত বৃহস্পতিবার তাদের ধরতে বকমারি খালে অভিযান চালানো হয়। টের পেয়ে জেলেরা নৌকা ফেলে জঙ্গলের ভেতর পালিয়ে যান। পরবর্তীতে তাদের ধরার জন্য সুন্দরবন থেকে বের হওয়ার সবগুলো পয়েন্টে নজরদারি বাড়ানো হয়।
তিনি বলেন, দুই দিন পালিয়ে থেকে রবিবার সন্ধ্যায় এই জেলেরা লোকালয়ে ফিরে আসার চেষ্টা করেন। এ সময় তাদেরকে একত্রে আটক করা হয়। তাদের বিরুদ্ধে বন আইনে মামলা করা হয়েছে।