দেশে অবাধ তথ্যপ্রবাহের সুযোগ থাকলেও ডিজিটাল নিরাপত্তা আইন স্বাধীন সাংবাদিকতায় বাঁধা হয়ে দাঁড়িয়েছে। স্বাধীন সাংবাদিকতার জন্য প্রয়োজন আইনগত সুরক্ষা এবং অর্থনৈতিক নিরাপত্তা। এই দুইয়ের সমন্বয়ে সাহসের সাথে সত্য সংবাদ পরিবেশন করা গেলে সমাজ উপকৃত হয় বলে মন্তব্য করেছেন সাতক্ষীরার সাংবাদিক নেতৃবৃন্দ।
বিশ্বমুক্ত গনমাধ্যম দিবস উপলক্ষ্যে সামাজিক দুরত্ব বজায় রেখে স্বাস্থ্য বিধি মেনে সাতক্ষীরার ‘সাংবাদিক ঐক্য’ আয়োজিত এক সাংবাদিক সমাবেশে সোমবার এসব কথা বলেন তারা। এসময় তারা আরও বলেন, দেশে এখন বহু সংখ্যক সংবাদপত্র এবং টেলিভিশন তাদের মত প্রকাশ করতে পারলেও বাঁধা হয়ে দাঁড়িয়েছে ডিজিটাল নিরাপত্তা আইন। এই আইনের ফাঁদে পড়ে বহু সংবাদকর্মী নিগৃহীত হয়েছেন। এ ধরনের আইন পরিহার করে মুক্ত সাংবাদিকতা নিশ্চিত করতে পারলে গনতন্ত্র আরও শানিত হবে বলে উল্লেখ করেন তারা।
বক্তারা বলেন, গনমাধ্যমের প্রকৃত স্বাধীনতা ভোগ করতে হলে সাংবাদিকদের মধ্যকার রাজনৈতিক ও অন্যান্য দ্বন্দ্ব পরিহার করে একটি নির্দিষ্ট প্ল্যাটফর্মে আসতে হবে। এজন্য রাজধানী ঢাকা সহ দেশের সকল প্রান্তে থাকা মিডিয়া কর্মীদের সাথে একটি সমন্বয় গড়ে তোলার ওপর গুরুত্ব আরোপ করেন তারা।