
গোপালগঞ্জে ডেঙ্গু সহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গোপালগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে শনিবার (১৪ মার্চ ‘২৬) সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ “স্বচ্ছতা’য় অনুষ্ঠিত এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও গোপালগঞ্জ পৌর প্রশাসক এস, এম তারেক সুলতান। সভাপতি তার বক্তব্যে বলেন, বিশ্বের অধিকাংশ দেশের নাগরিক তারা নিজেরাই নিজেদের দৈনন্দিন কাজকর্ম করে থাকেন। ঘর-বাড়ি পরিস্কার-পরিচ্ছন্নতা থেকে শুরু করে সমস্ত কাজ তারা নিজেরাই করেন। অথচ আমাদের দেশে আমরা লোক-লজ্জার ভয়ে কাজ-কর্ম করা থেকে বিরত থাকি। আমাদের দেশের গ্রামের প্রবীণ লোক গুলো দেখবেন কোন কাজ না থাকলে সে তার বাড়ির উঠান ও আঙিনা ঝাড়ু দেয় বা ক্ষেত-খামারে কাজকর্ম করে। মূলত কোন কাজই ছোট নয়। বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের দিক নির্দেশনায় ডেঙ্গু সহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে এখন থেকে প্রতি শনিবার জেলা প্রশাসন, উপজেলা ও পৌর প্রশাসনের উদ্যোগে পর্যায়ক্রমে বিভিন্ন এলাকা পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম চলমান থাকবে। যেহেতু এ কাজে সীমিত বরাদ্দ তাই এর পাশাপাশি বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনকে এ কাজে উদ্বুদ্ধ করতে হবে। আমাদের জেলায় মোট ৪টি পৌরসভা ও ৬৭টি ইউনিয়ন পরিষদে পর্যায়ক্রমে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত রাখতে হবে। এ কাজে তিনি সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন। এছাড়াও মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক গোপালগঞ্জ জেলা তথ্য অফিসের বাস্তবায়নে বিভিন্ন আবাসিক এলাকায় ডেঙ্গু ও মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আজ শনিবার থেকেই মাইকিং কার্যক্রম শুরু করা হয়েছে। যা ভবিষ্যতেও চলমান থাকবে।
সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (এনডিসি) অনিরুদ্ধ দেব রায়- এর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় ডিজিটাল উপস্থাপনায় ছিলেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিহাব ইসলাম, ডেঙ্গু ও মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে স্বাস্থ্য বিষয়ক গুরুত্বপূর্ণ তথ্য বহুল বক্তব্য রাখেন, গোপালগঞ্জ জেলা সিভিল সার্জন -এর প্রতিনিধি ডাঃ দিবাকর বিশ্বাস। এসময় মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন গোপালগঞ্জ পৌর নির্বাহী কর্মকর্তা এ এইচ এম রকিবুল ইসলাম। এ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন স্কুল কলেজ ও মাদ্রাসায় প্রচার-প্রচারণা বাড়ানোর দাবি জানান যমুনা টিভির স্টাফ রিপোর্টার মোজাম্মেল হোসেন মুন্না।
এ সময় সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারদীন খান প্রিন্স, এ, কে এম ফয়জুল বারী, মো. নাজমুল হক স্বপন, মুহাম্মদ মামুনুর রশিদ, মুহাম্মদ মামুনুর রশিদ, মো. রাশেদুল আলম, গোপালগঞ্জ পৌর প্রশাসকের ব্যক্তিগত সরকারী মাহফুজুর রহমান লাবলু, কনজারভেন্সী পরিদর্শক ইমরান আলী মোল্যা সহ সরকারি অন্যান্য দপ্তর ও পৌরসভার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা, ডেঙ্গু সহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে নিজেদের বাড়ি-ঘর, অফিস-আদালত, স্কুল-কলেজ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ব্যবসা প্রতিষ্ঠান সর্বদা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার ওপর গুরুত্বারোপ করেন সেই সাথে বাড়ির উঠান, ড্রেন ও আঙিনায় যেন পানি জমতে না পারে সেদিকে লক্ষ্য রাখার অনুরোধ জানান।
আলোচনা সভা শেষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও গোপালগঞ্জ পৌর প্রশাসক এস, এম তারেক সুলতান নিজ হাতে শহরের হেলিপ্যাড ও পৌর কবরস্থান সংলগ্ন জলাশয় পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের শুভ সূচনা করেন। এরপর তিনি জেলা সিভিল সার্জন কার্যালয় ও গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ফগার মেশিন দিয়ে মশক নিধন কার্যক্রমের উদ্বোধন করেন।