বুধবার, ১১ মার্চ ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিগঞ্জে উপজেলা প্রশাসন ও ইউপি চেয়ারম্যান সমিতির উদ্যোগে ইফতার মাহফিল  সাতক্ষীরার জামায়াত নেতা আল মুজাহীদের মৃত্যুতে সদর জামায়াতের শোক জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে গোপালগঞ্জে দুর্যোগ ও ভূমিকম্প মোকাবেলায় সচেতনতা মহড়া অনুষ্ঠিত সাতক্ষীরা প্রেসক্লাবে জমি বি রো ধ নিয়ে সাংবাদিক সম্মেলন, বি চা র দাবি সাতক্ষীরায় হ য় রা নি থেকে র ক্ষা পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন কালিগঞ্জের ফিড্ ব্যবসায়ী জাহাঙ্গীর কবির দেবহাটায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত মুক্তি ফাউন্ডেশনের আয়োজনে আঞ্চলিক অ্যাডভোকেসি সেমিনার অনুষ্ঠিত গ্যারেজে ছিল চারটি বাইক, চো র নিয়ে গেল কেবল একটি! তালার প্রশাসনে নতুন মুখ: বিদায় তারেক হাসান, আসছেন হোসনেয়ারা জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ উপলক্ষে সাতক্ষীরায় ভূমিকম্প, অগ্নি বিষয়ক মহড়া

নির্বাচন কমিশন ও সংশ্লিষ্টদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নৈতিকতা প্রদর্শনের আহ্বান

✍️তরিকুল ইসলাম📝নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
  • ১৪৪ বার পড়া হয়েছে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, নিরপেক্ষ ‍ও সুস্ঠু জাতীয় নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশন ও সংশ্লিষ্টদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নৈতিকতা প্রদর্শনের আহ্বান জানিয়েছে ফেয়ার ইলেকশন অ্যাডভাইজরি কমিটি।

বুধবার (২৬ নভেম্বর ‘২৫) সকাল ১০ টায় জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে এক সাংবাদিক সম্মেলনে এই আহ্বান জানান তারা।

সাংবাদিক সম্মেলনে সভাপতিত্ব করেন ফেয়ার ইলেকশন অ্যাডভাইজরি কমিটির সভাপতি ও সরকারের সাবেক অতিরিক্ত সচিব ড. খন্দকার রাশেদুল হক। এসময় অবস্থানপত্র তুলে ধরেন সংগঠনের সদস্য-সচিব ও সরকারের সাবেক সচিব এবং ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অধ্যাপক ড. মো: শরিফুল আলম ।

ফেয়ার ইলেকশন অ্যাডভাইজরি কমিটি কর্তৃক উপস্থাপিত অবস্থানপত্রে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে কিছু অগ্রাধিকারমূলক করণীয় তুলে ধরা হয়। অবস্থানপত্রে ড. মো. শরিফুল আলম বলেন, অতীতের তিনটি (২০১৪, ২০১৮ ও ২০২৪) অগ্রহণযোগ্য নির্বাচনের পর জাতি একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের অপেক্ষায়। প্রধান উপদেষ্টা ইতোমধ্যে সুষ্ঠু নির্বাচনের প্রতি তাঁর অঙ্গীকার ব্যক্ত করেছেন। তাই এ অঙ্গীকারকে বাস্তবায়ন করতে নির্বাচন কমিশন ও মাঠ প্রশাসনকে সর্বোচ্চ পেশাদারিত্ব ও নৈতিকতা প্রদর্শন করতে হবে।

অবস্থানপত্রে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে নিম্নোক্ত পাঁচটি প্রধান সুপারিশ করা হয়:
১. প্রতিটি ভোট কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন: বর্তমান পরিস্থিতিতে স্বচ্ছ নির্বাচন নিশ্চিতকরণে ভোটকেন্দ্রসমূহে অনলাইন সিসিটিভি ক্যামেরা স্থাপনের বিকল্প নেই। প্রায় ৪৩ হাজার ভোটকেন্দ্রে অনলাইনভিত্তিক সিসিটিভি ক্যামেরা স্থাপনে আনুমানিক ২০০ কোটি টাকা ব্যয় হবে—যা স্বচ্ছ নির্বাচন নিশ্চিতের জন্য অত্যন্ত যৌক্তিক। সময়ের স্বল্পতা বিবেচনায় কোন একটা একক প্রতিষ্ঠানকে সিসিটিভি স্থাপনের দায়িত্ব না দিয়েও নির্বাচন অগ্রাধিকার বিবেচনায় ডিপিএম (সরাসরি ক্রয়) পদ্ধতিতে ক্রয় বিকেন্দ্রীকরণের মাধ্যমে উপজেলা নির্বাহী অফিসারদেরকে উপ-বরাদ্দ প্রদান করে এই কেনাকাটা দ্রুত সম্পন্ন করা সম্ভব। সরকারের অধিকাংশ প্রকল্প যেখানে হাজার কোটি টাকার সেখানে দুইশত কোটি টাকার ব্যয়কে অতিরিক্ত আখ্যা দেয়া মোটেও যুক্তিযুক্ত নয়। তাছাড়া, একটি স্বচ্ছ নির্বাচনের জন্য জাতির আকাঙ্খার বিপরীতে সিসি টিভি ক্যামেরা সংগ্রহ ও স্থাপন বাবদ কোন ব্যয়ই অতিরিক্ত বিবেচিত হতে পারেনা। নির্বাচনের পরে এই সিসিটিভি ক্যামেরা গুলো নির্বাচন কেন্দ্র হিসেবে ব্যবহৃত স্কুলসমূহে ব্যবহার করা যাবে এবং অন্যান্য স্থানীয় নির্বাচনসহ জাতীয় নির্বাচনেও পুনরায় ব্যবহার করার সুযোগ রয়েছে।

২. আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বডি ওর্ন ক্যামেরা সংযোজন: প্রতিটি কেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্বপ্রাপ্ত কমপক্ষে দুইজন সদস্যের শরীরে বডি ক্যামেরা বাধ্যতামূলক করতে হবে। এর মাধ্যমে দায়িত্বপ্রাপ্তদের কার্যক্রম নিবিড়ভাবে তত্ত্বাবধান, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও জবাবদিহিতা নিশ্চিত করা সম্ভব হবে।

৩. মাঠ প্রশাসনের কর্মকর্তাদের লটারির মাধ্যমে বদলি/পদায়ন: ডিসি, এসপি, ইউএনও, ওসি ও নির্বাচন কর্মকর্তাদের লটারির মাধ্যমে বদলি করে নিরপেক্ষতা নিশ্চিত করতে হবে এবং নির্বাচন শেষে ১৫ দিনের মধ্যে পুনরায় বদলি করতে হবে। যে সকল কর্মকর্তা সম্পূর্ণ নিরপেক্ষতা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনে সমর্থ হবেন তাদের পুরস্কারস্বরুপ গুরুত্বপূর্ণ স্থানে পদায়ন করতে হবে ও ব্যর্থদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান নিশ্চিত করতে হবে।

৪. অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ অভিযান: নির্বাচনের তফশিল ঘোষণার পূর্বেই অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথ বাহিনীর সমন্বয়ে অস্ত্র উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনা করতে হবে। এই অভিযান ভোট গ্রহণের পূর্ব পর্যন্ত জারি রাখা আবশ্যক, যেন কোন দল বা গোষ্ঠী নির্বাচনী পরিবেশকে বিঘ্ন ঘটানো বা ভোট কেন্দ্র দখলের মত অপকর্ম করার সুযোগ বা সাহস না পায়।

৫. নির্বাচনী দায়িত্বে নিয়োজিত কর্মকর্তাদের প্রতি বিশেষ আহ্বান: নির্বাচন পরিচালনায় নিয়োজিত সরকারী কর্মকর্তাদের সর্বোচ্চ সততা, নিরপেক্ষতা ও পেশাদারিত্ব নিশ্চিত করতে হবে। সরকারি কর্মচারিগণ যাতে যে কোন গোষ্ঠীর প্রভাবমুক্ত থেকে নির্বাচনী দায়িত্ব পালন করে সেজন্য সরকার, নির্বাচন কমিশন ও মন্ত্রিপরিষদ সচিবকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে।

ফেয়ার ইলেকশন অ্যাডভাইজরি কমিটি মনে করে ২০২৪ সালের জুলাই বিপ্লবের পর গণতন্ত্রের পথে উত্তরণের সুযোগ সৃষ্টি হয়েছে। এ সুযোগ বাস্তবায়নে একটি গ্রহণযোগ্য নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সকল পক্ষকে এজন্য দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

ফেয়ার ইলেকশন অ্যাডভাইজরি কমিটি বাংলাদেশ সিভিল সার্ভিসের অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের একটি সংগঠন যা নির্বাচন পরিবীক্ষণে নিয়োজিত। ফেয়ার ইলেকশন অ্যাডভাইজরি কমিটি নির্বাচনী দায়িত্ব পালনের অভিজ্ঞতা এবং বিগত নির্বাচনসমূহের ব্যর্থতার পরিপ্রেক্ষিতে অবস্থানপত্রে সুপারিশসমূহ তৈরি করে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!