
অসুখের ভেতর সুখ
একদিন গিয়েছিলাম ভবের বাজারে,
সুখ কিনতে এক কিলোগ্রামের তরে।
সব দোকান ঘুরে পেলাম সামান্যই,
শর্ত দিল দোকানি সাথে অসুখও নিতে হবেই।এক মেট্রিক টন অসুখ বিনা দামে ফ্রি,
হৃদয়টা কেঁপে উঠল ভেবে পাবো কি সুখের সিড়ি?
সিদ্ধান্তহীন দাঁড়িয়ে আত্মাকে করি জিজ্ঞাসা,
সে বলল, “ওরে নাদান “শোন জীবন ভাষা”।অসুখের ভেতরেই সুখ লুকিয়ে থাকে,
যেমন মুক্তা ঝিনুকের আঁধারে থাকে।
সুখ তো ধরা যায় না দেখা যায় না চোখে,
তুই অসুখ নে দেখবি সুখ দাঁড়াবে শোকে।অন্ধকার ছাড়া আলো চিনবি কেমন করে?
ব্যথা না পেলে সুখ নামটি বুঝবি কিসে?
জীবন তো এক নদীর সুখ-দুঃখের ধারা,
তুই নে অসুখ সুখ আসবে তোর সাড়া।”শুনে আত্মার কথা নিলাম এক টন বোঝা,
জানি এই অসুখে রয়েছে সুখের খোঁজা।
বাঁচার মানে বুঝি এভাবেই ধীরে ধীরে,
অসুখের মাঝেই সুখ আমার হৃদয়ে ফিরে।